সংবাদদাতা, উলুবেড়িয়া: মঙ্গলবার রাতে আগুনে ভস্মীভূত হল দু’টি বৈদ্যুতিক সামগ্রীর দোকান। ঘটনাটি ঘটেছে আমতা বাগনান রোডের উদং মোড় এলাকায়। আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১টা নাগাদ উদং মোড়ের কাছে একটি বন্ধ বৈদ্যুতিক সামগ্রীর দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই গোটা দোকান দাউদাউ করে জ্বলতে থাকে। কয়েক মিনিটের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের বৈদ্যুতিক সামগ্রীর দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিস। খবর দেওয়া হয় দমকলে। দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল দপ্তর সূত্রে খবর, দোকানে একটি গ্যাস সিলিন্ডার মজুত ছিল। যদিও সেটি বাইরে বের করে আনায় বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। কীভাবে আগুন লাগল, খতিয়ে দেখছে দমকল। অগ্নিকাণ্ডের জেরে আমতা বাগনান রাস্তায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিসের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।



