সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে একটি নামী ওষুধ প্রস্তুতকারী কোম্পানির জাল ওষুধ বিক্রির অভিযোগ উঠল। আর এই ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার আমতার মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দিয়ে ১৭ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করলেন রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। এই ঘটনায় ওই ওষুধ সরবরাহকারী সংস্থার মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
ড্রাগ কন্ট্রোল দপ্তর সূত্রের খবর, ২০২৩ সালে কেন্দ্রীয় সরকার ৩০০টি প্রয়োজনীয় ওষুধের গুণমান বজায় রাখতে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানিগুলিকে ওইসব ওষুধের উপর কিউআর কোড লাগানোর নির্দেশ দেয়। সেইমতো ওষুধ কোম্পানিগুলি তাদের ওষুধের উপর কিউআর কোড লাগিয়ে দেয়। সূত্রের খবর, সম্প্রতি একটি নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থার রক্তচাপের ওষুধের কিউআর কোড জাল হয়। বিষয়টি সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির নজরে এলে তারা তা রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ জানায়। এরপরই রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা তদন্তে নেমে ওষুধ কোম্পানির অভিযোগের সত্যতা জানতে পারেন। তদন্তে আরও জানা যায়, এই জাল ওষুধ বিহার থেকে আনা হয়েছে এবং আমতার মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থা রাজ্যের বিভিন্ন জেলায় এই জাল ওষুধ সরবরাহ করেছে। আর এরপরেই বৃহস্পতিবার ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা আমতায় ওই এজেন্সির গোডাউনে হানা দিয়ে প্রচুর পরিমাণে জাল ওষুধ উদ্ধার করে এবং সংশ্লিষ্ট মালিককে গ্রেপ্তারও করা হয়।



