সংবাদদাতা, উলুবেড়িয়া: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি প্লাস্টিক দানা এবং প্লাস্টিকের পণ্য তৈরির কারখানা। ঘটনাটি ঘটেছে আমতা থানার নতুন রাস্তার পাশে গগন মোড়ে। মঙ্গলবার গভীর রাতে গগন মোড়ের ওই কারখানাটিতে আগুন লাগে। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় চোখের নিমেষে আগুনের লেলিহান শিখা গোটা কারখানাটিকে গ্রাস করে নেয়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। এদিকে, অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পেরে কারখানার শ্রমিকরা প্রাথমিকভাবে পাম্প মেশিনের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে উলুবেড়িয়া ও আলমপুর থেকে দু’টি করে এবং হাওড়া থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Advertisement
দমকলের হাওড়া ডিভিশনাল ফায়ার অফিসার রঞ্জনকুমার ঘোষ জানান, কারখানাটিতে অব্যবহৃত প্লাস্টিক থেকে প্লাস্টিকের দানা ও বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র তৈরি করা হত। রাত ১টা ৪০ মিনিট নাগাদ আমরা আগুন লাগার খবর পাই। আমরা আগুন নেভানোর কাজে হাত লাগানোর পর বুধবার সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, আগুন লাগার ঘটনায় আমতা বাগনান রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



