ইন্দ্রকুমার পরিচালিত ‘ইশক’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন আমির খান ও অজয় দেবগন। তারপর তিন দশক অতিক্রান্ত। কোনও সিনেমায় জুটি বাঁধতে দেখা যায়নি তাঁদের। এবার পর্দায় আসতে চলেছে সেই প্রতীক্ষীত জুটি। সদ্য একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু’জনে। একে অপরের সঙ্গে কাটানো নানান মজাদার অভিজ্ঞতার কথা শেয়ার করেন তাঁরা। পাশাপাশি ফের একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন দুই অভিনেতা। তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা। তবে কি ফের জুটি বাঁধার ইঙ্গিত দিলেন অজয়-আমির? যে কোনও জনপ্রিয় ছবির সিক্যুয়েল এখন ট্রেন্ড। সেই অনুযায়ী ‘ইশক ২’-ও কি তৈরি হচ্ছে? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা। অন্যদিকে, অক্ষয় কুমার নাকি ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভাগ ভাগম’ ছবির সিক্যুয়েল তৈরির উদ্যোগ নিয়েছেন। পরেশ রাওয়াল ও গোবিন্দাকে নিয়ে তৈরি হবে ‘ভাগ ভাগম ২’। শীঘ্রই শ্যুটিং শুরু হবে এই ছবির।



