Bartaman Logo
১০ জুন, ২০২৬

আমেরিকায় বেআইনিভাবে বসবাসকারী ভারতীদের নিয়ে পাঞ্জাবে নামল মার্কিন সেনার বিমান

আমেরিকায় বেআইনিভাবে বসবাসকারী ভারতীদের নিয়ে পাঞ্জাবে নামল মার্কিন সেনার বিমান
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
অমৃতসর, ৫ ফেব্রুয়ারি: মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, বিনা অনুমতিতে আমেরিকায় বসবাসকারীদের অবিলম্বে তাঁদের দেশে ফেরত পাঠানো হবে। রোখা হবে অনুপ্রবেশকারীদেরও। সেই অনুযায়ী প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই নানা দেশের প্রচুর মানুষকে আমেরিকায় আটক করা হয়েছে। পাশাপাশি তাঁদের নিজেদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে তালিকাও। সেই তালিকা অনুযায়ী আজ, বুধবার আমেরিকা থেকে ১০৪ জন ভারতীয়কে নিয়ে পাঞ্জাবের অমৃতসরে নামল মার্কিন সেনার বিমান। অভিযোগ, তাঁরা সকলেই আমেরিকায় বেআইনিভাবে বসবাস করছিলেন।
Advertisement
আপাতত বিমানবন্দরেই সমস্ত যাত্রীদের জন্য খাবার, জল এবং শৌচালয়ের বন্দোবস্ত করা হয়েছে। সূত্রের খবর, এই অভিবাসীদের তালিকায় রয়েছেন ৭৯ জন পুরুষ এবং ২৫ জন মহিলা। এছাড়াও ওই বিমানে ভারতে এসেছেন ১১ জন মার্কিন ক্রু এবং একাধিক সেনা আধিকারিক। ইতিমধ্যেই পাঞ্জাব সরকার জানিয়েছে, বিমানে আসা সকল ভারতীয়দের সহায়তা করা হবে। পাশাপাশি তাঁদের নথিপত্র খতিয়ে দেখা হবে। এমনকী তাঁদের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা রয়েছে কী না সেটি দেখার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এর আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, ভারতীয়দের জন্য দেশের দরজা সবসময় খোলা। আমরা চাই, যে কোনও দেশেই ভারতীয়রা বৈধভাবে থাকুন। যদি কোথাও ভারতীয়রা অবৈধভাবে রয়েছেন খবর পাওয়া যায় তাহলে আমরা তাঁদের ফিরিয়ে নেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত।
জানা যাচ্ছে, ভারতের পাশাপাশি ব্রাজিল, পেরু, গুয়াতেমালা এবং হণ্ডুরাসেও মার্কিন সেনার বিমান করে বেআইনি অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। এই আবহেই চলতি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকায় যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণেই এই সফর। আগামী ১৩ ফেব্রুয়ারি রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন মোদি। উল্লেখ্য, আমেরিকায় বসবাসকারী অবৈধ বাসিন্দাদের মধ্যে ভারতীয়রা রয়েছে তালিকার তৃতীয় স্থানে। সেদেশে সবথেকে বেশি অনুপ্রবেশকারী এবং অবৈধভাবে বসবাসকারী হল মেক্সিকোর বাসিন্দারা। দ্বিতীয় স্থানেই রয়েছে সালভাদোরের নাগরিকরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ