লখনউ: জনসভায় অমিত শাহের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের অভিযোগ। এজন্য মানহানির মামলা দায়ের হয়েছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে। ২০১৮ সালের সেই মামলায় লোকসভার বিরোধী দলনেতাকে বেকসুর খালাস করল উত্তরপ্রদেশের একটি বিশেষ এমপি-এমএলএ আদালত। সুলতানপুরের ওই আদালতের পর্যবেক্ষণ, রাহুলের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ মেলেনি। এদিন এজলাসে উপস্থিত ছিলেন রাহুলও। আদালতে হাজিরা দিতে আসার পথে দুর্ঘটনার শিকার হয় রাহুলের কনভয়। কয়েকজন সামান্য জখম হলেও রাহুলের কোনো চোট আঘাত লাগেনি।
২০১৮ সালের ৮ মে বেঙ্গালুরুর একটি জনসভায় তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে ‘খুনের মামলায় অভিযুক্ত’ বলে মন্তব্য করেছিলেন রাহুল। সেই ঘটনায় রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন উত্তরপ্রদেশের সুলতানপুরের বিজেপি নেতা বিজয় মিশ্রা। ২০২৩ সালে আদালতে হাজিরা দিয়ে এই মামলায় জামিন পান রাহুল। গত ১৩ অক্টোবর রায় ঘোষণা করার কথা ছিল। পরে তা পিছিয়ে ২৬ অক্টোবর করা হয়। এদিন অতিরিক্ত দেওয়ানি বিচারক শুভম ভার্মার এজলাসে হাজিরা দিতে যাওয়ার পথে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার মুখে পড়ে রাহুলের কনভয়। জানা গিয়েছে, সকাল ১০টা ১৫ নাগাদ রাহুলের কনভয়ের আগে থাকা এক স্থানীয় কংগ্রেস নেতার ব্যক্তিগত গাড়ি হঠাৎ করেই ব্রেক কষে। যার জেরে রাহুলের কনভয়ে থাকা অ্যাম্বুলেন্স সহ বেশ কয়েকটি গাড়ির মধ্যে পরপর ধাক্কা লাগে। ঘটনায় পুলিশ আধিকারিক, কংগ্রেস কর্মী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে রাহুলের কোনো আঘাত লাগেনি। কিছুক্ষণ পরেই গন্তব্যে রওনা দেয় বিরোধী দলনেতার কনভয়।



