Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইথানল মিশ্রিত জ্বালানি ঘিরে বিতর্কের মধ্যে বেড়েছে ‘বিশুদ্ধ পেট্রলে’র বিক্রি, দ্বিগুণ লাভ তেল সংস্থাগুলির

যে পেট্রল ছিল ধনীদের জন্যই একপ্রকার নির্ধারিত, সেই প্রিমিয়াম, এক্স পি, পাওয়ার ইত্যাদি বেশি দামের পেট্রল বিক্রি আকস্মিকভাবে বেড়ে গিয়েছে।

ইথানল মিশ্রিত জ্বালানি ঘিরে বিতর্কের মধ্যে বেড়েছে ‘বিশুদ্ধ পেট্রলে’র বিক্রি, দ্বিগুণ লাভ তেল সংস্থাগুলির
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিদিনধি, নয়াদিল্লি:  যে পেট্রল ছিল ধনীদের জন্যই একপ্রকার নির্ধারিত, সেই প্রিমিয়াম, এক্স পি, পাওয়ার ইত্যাদি বেশি দামের পেট্রল বিক্রি আকস্মিকভাবে বেড়ে গিয়েছে। সবথেকে বেশি বেড়েছে হান্ড্রেড অক্টেন পেট্রল বিক্রি। যার মূল্য সর্বাধিক। যারা এতকাল ধরে সাধারণ পেট্রল কিনে নিজেদের মোটরবাইক এবং গাড়িতে ব্যবহার করেছে, সেই বাহনচালকরাও ওই মূল্যবান পেট্রল কিনতে শুরু করেছেন। অথচ এই ধরণের পেট্রল ব্যবহার করে সুফল পাওয়ার কথা বিশেষভাবে প্রস্তুত গাড়িরই। অর্থাৎ সব গাড়িতে এই মূল্যবান পেট্রল ব্যবহার করলেই যে সুফল পাওয়া যাবে এমন নয়। কিন্তু তা সত্ত্বেও বিক্রি বেড়ে চলেছে। আর ফলে সরকারি তেল সংস্থার দ্বিগুণ লাভ।

Advertisement

একদিকে ইথানল মিশ্রিত জ্বালানিতে পেট্রলের পূর্ণ মূল্য নিয়েও ২০ শতাংশ কম পেট্রল দিলেই কাজ হয়ে যাচ্ছে। আবার অন্য‌দিকে, এই উচ্চমূল্যের বিশেষ পেট্রলের দাম এমনিতেই অনেক বেশি। সেটা বেশি বিক্রি হলে লাভও বেশি। অক্টেন ও প্রিমিয়াম জাতীয় পেট্রলের বিক্রি বৃদ্ধি সংক্রান্ত রিপোর্ট দেশের সরকারি তেল উৎপাদন সংস্থাগুলির কাছে এসেছে সব রাজ্য থেকেই। যদিও প্রিমিয়াম পেট্রলেও ১০ শতাংশ থাকে ইথানল। কিন্তু সাধারণ পেট্রলে ২০ শতাংশ। মূল কারণ ইথানল মিশ্রিত পেট্রল গাড়িতে ব্যবহার করা হলে গাড়ির ক্ষতি যান্ত্রিক ক্ষতি হচ্ছে, মাইলেজ কমে যাচ্ছে, এই অভিযোগ জোরালোভাবে প্রচারিত হওয়ায় শংকা তৈরি হয়েছে সকলের মধ্যে। আর তাই গাড়ির স্বাস্থ্য রক্ষায় বেশি দামের পেট্রল কিনে ইথানলের মিশ্রণ থেকে বাঁচতে চাইছেন একটি অংশের বাহনমালিক। জানা যাচ্ছে, সাধারণ পেট্রলের তুলনায় এই ইথানলহীন বিশুদ্ধ পেট্রলের দাম ৫৭ শতাংশ বেশি। অর্থাৎ এই বিশেষ বিশুদ্ধ পেট্রল ক্রয় করা হলে জ্বালানিবাবদ খরচ অনেক বেড়ে যাবে। তা সত্ত্বেও গাড়ি বাঁচাতে ক্রয় প্রবণতা বেড়ে গিয়েছে। এক ধাক্কায় দ্বিগুণ বেড়েছে এই মূল্যবান পেট্রল বিক্রি। বহু বিতর্কের পর সম্প্রতি কেন্দ্রীয় সরকার স্বীকার করেছে যে, ইথানল মিশ্রিত পেট্রলের ফলে মাইলেজ কমে যায় ৩ থেকে ৫ শতাংশ। ওই স্বীকারোক্তির পরই সাধারণ মানুষও অক্টেন, প্রিমিয়াম, এক্সপি জাতীয় পেট্রল কিনছেন অনেক বেশি দাম দিয়ে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ