ছটপুজোর আবহে হাওড়ার গঙ্গার ঘাট যেন ‘মিনি বিহার’, ব্রতীদের সঙ্গে পুজো মুখ্যমন্ত্রীর
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ছটপুজোর আবহে কার্যত এক টুকরো বিহার হয়ে উঠল হাওড়া। রবিবার বিকাল থেকেই শহরের বিভিন্ন গঙ্গার ঘাটে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে চার দিনব্যাপী ছট উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব পালন করলেন ব্রতীরা। এদিন রামকৃষ্ণপুর ঘাটে ছটব্রতীদের সঙ্গে পুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

Advertisement

বিকাল পাঁচটা নাগাদ সুসজ্জিত লঞ্চে চেপে রামকৃষ্ণপুর ঘাটে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সরাসরি পুণ্যার্থীদের পুজোর জায়গায় গিয়ে তাঁদের সঙ্গে পুজো করেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ঘাটে ছিল কড়া নিরাপত্তা। পুলিশ, র‍্যাফের পাশাপাশি সাদা পোশাকের পুলিশকর্মীরা নজরদারি চালান। নদীপথে রিভার ট্রাফিক পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা লঞ্চ এবং নৌকা থেকে নজর রাখেন। সিসি ক্যামেরার মাধ্যমেও চলে নজরদারি।
শুধু রামকৃষ্ণপুর নয়, তেলকল, শিবপুর, নমকগোলা, বাঁধাঘাট, সালকিয়া, গোলাবাড়ি ও নাজিরগঞ্জ সহ হাওড়ার প্রায় সব ক’টি গঙ্গার ঘাটেই ছিল উৎসবের আমেজ। গঙ্গায় নেমে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন হাজার হাজার ব্রতী। পুণ্যার্থীদের সুবিধায় পুর নিগম ও পুলিশ প্রশাসনের উদ্যোগে ঘাটে ছিল আলো, ব্যারিকেড, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ব্যবস্থা। স্থানীয় ক্লাব ও সংগঠনগুলিও একাজে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পুণ্যার্থীদের কথায়, ভক্তি, আয়োজন ও জনসমাগমে হাওড়ার ছটপুজো অনেকটাই পাটনার কথা মনে করিয়ে দেয়।