Bartaman Logo
১০ জুন, ২০২৬

গত বছর ৩,৮০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা

দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে বসেই অনুপ্রবেশের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বছর ৩,৮০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে বসেই অনুপ্রবেশের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্গো বিমানে চাপিয়ে বিভিন্ন দেশের অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে শুরু করেন। সেই ব্যবস্থা এখনও চলছে। ২০২৫ সালে ৩ হাজার ৮০০ জনেরও বেশি ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে বলে বৃহস্পতিবার রাজ্যসভায় জানিয়েছে কেন্দ্র। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ লিখিতভাবে জানান, এর মধ্যে শুধু ওয়াশিংটন থেকেই ৩,৪১৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এছাড়াও, নিউ ইয়র্ক থেকে ৪৭, আটলান্টা থেকে ৩১, হিউস্টন থেকে ২৩৪, সান ফ্রান্সিসকো থেকে ৪৯ এবং সিয়াটেল থেকে ৩১ জনকে ফেরত পাঠানো হয়েছে।

Advertisement

গত পাঁচ বছরে আমেরিকা ও অন্যান্য দেশ থেকে কতজন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে, অবৈধ অভিবাসন রুখতে কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজওয়ালা। পাশাপাশি অবৈধ ‘ডাঙ্কি রুট’-এর মাধ্যমে অনুপ্রবেশ কমাতে কোনও সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে কি না, তাও জানতে চান। জবাবে মন্ত্রী জানান, আমেরিকা ও অন্যান্য দেশের সরকারের সঙ্গে ডিপোর্টেশন সংক্রান্ত বিষয়ে সমন্বয় রেখে কাজ করে ভারত। সংশ্লিষ্ট ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব সবসময় যাচাই করা হয়। তিনি আরও বলেন, ফেরত পাঠানোর সময় ভারতীয় নাগরিকদের সঙ্গে মানবিক আচরণের বিষয়টি নিয়ে মার্কিন সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।

উল্লেখ্য, এই বিতর্কের সূত্রপাত গত ফেব্রুয়ারিতে। আমেরিকা থেকে কিছু ভারতীয় দেশে ফিরে জানান, ডিপোর্টেশনের সময় তাঁদের হাতে হাতকড়া পরানো হয়েছিল। কয়েকটি ভিডিয়োও সামনে আসে। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ