নিজস্ব প্রতিনিধি, বারাসত: কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈসরণ ভ্যালিতে নৃশংস সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে সরব দেশবাসী। এই আবহে আমডাঙার বোদাই গ্রামের সৌমেন ঘোষ ফেসবুকে একটি ‘বিতর্কিত’ ছবি পোস্ট করেন। সেটিকে কেন্দ্র করে শুক্রবার রাতে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। তদন্তে নেমে পুলিস অভিযুক্ত সৌমেনকে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে গ্রেপ্তার করেছে। শনিবার তাঁকে বারাসত আদালতে তোলা হলে ৮ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গিয়েছে, সৌমেনের ‘উস্কানিমূলক’ পোস্ট ছড়িয়ে পড়তেই শুক্রবার রাতে আমডাঙায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে উত্তরবঙ্গগামী বাস সহ অন্যান্য যানবাহন।
পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিক্ষোভকারীদের অবরোধ থেকে সরে আসার কথা বলে পুলিস। কিন্তু সেই নির্দেশকে পাত্তা না দিয়েই চলে অবরোধ ও বিক্ষোভ। পরিস্থিতি বেগতিক বুঝে আমডাঙায় পৌঁছন পুলিসের পদস্থ কর্তারা। ঘটনাস্থলে আসেন আমডাঙার বিধায়ক রফিকুর রহমান। শেষে অবরোধ তুলতে কড়া পদক্ষেপ করে আমডাঙা থানার পুলিস। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়। পুলিসের উপর পাল্টা আক্রমণ চালায় বিক্ষোভকারীরা। পুলিসকে লক্ষ্য করে ইট ছোড়া এবং তাদের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ। বিক্ষোভকারীদের দাবি ছিল, বিতর্কিত পোস্ট করার জন্য অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। পরে আশ্বাস মতো অভিযুক্তকে পাকড়াও করে আমডাঙা থানার পুলিস। - নিজস্ব চিত্র