Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অকারণে হুটার, শিলিগুড়ি শহরের রাস্তায় বেপরোয়া ছুটছে অ্যাম্বুলেন্স

অকারণে হুটার, শিলিগুড়ি শহরের রাস্তায় বেপরোয়া ছুটছে অ্যাম্বুলেন্স
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: জরুরি পরিষেবার অন্তর্ভুক্ত হলেও অপ্রয়োজনে শিলিগুড়ি শহরের ব্যস্ত রাস্তা থেকে গলিপথে হুটার বাজিয়ে দ্রুতগতিতে অ্যাম্বুলেন্স ছোটানোর অভিযোগ একাংশ চালকের বিরুদ্ধে। শুধু জোরে ছোটাই নয়, গাড়িতে ফার্স্ট এইড বক্স না রাখা, এমনকী দূষণ, ইন্সুরেন্স, রেজিস্ট্রেশন ফেল অ্যাম্বুলেন্সও চলছে শিলিগুড়ির রাস্তায়। বেপরোয়া গাড়ি চালানোয় ছোটখাট দুর্ঘটনাও ঘটছে। তাই এই বিষয়ে পুলিসের কড়া নজরদারির দাবি উঠেছে। 

Advertisement

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা সবসময় নজর রাখি। অনেক ক্ষেত্রে মানুষের জরুরি পরিষেবার কথা মাথায় রেখে কিছুটা নমনীয় হই ঠিকই, তবে অকারণে সাধারণ মানুষের অসুবিধা করলে রেয়াত করা হবে না। 
এত অভিযোগের কিছুটা মেনে নিয়েছেন অ্যাম্বুলেন্স চালকদের সংগঠনের মাথাদের একাংশ। তাঁদের দাবি, সকলে কিন্তু লাগামছাড়া গতিতে গাড়ি চালান না। বেশিরভাগ ক্ষেত্রেই চালকদের বড় অংশ সরকারি নিয়ম-কানুন মেনেই গাড়ি চালিয়ে থাকেন। তবে কয়েকজন এমনটা করছেন। আমরা তাঁদের চিহ্নিত করে সতর্ক করছি। শুশ্রুতনগর সোশ্যাল অ্যাম্বুলেন্স পরিষেবা সোসাইটির কোর কমিটির সদস্য সন্দীপন দাস বলেন, এটা অস্বীকার করার জায়গা নেই কিছু অ্যাম্বুলেন্স চালক নিয়ম না মেনে গাড়ি চালিয়ে থাকেন। আমার মনে হয় এক্ষেত্রে পুলিসের কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত। 
অকারণে প্রায় হুটার বাজিয়ে ফুলেশ্বরীর রাস্তা দিয়ে যায় একটি অ্যাম্বুলেন্স। সম্প্রতি সেই অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে চালকের কাছে জানাতে চাইলে ওই চালক পাল্টা ঝগড়া শুরু করে দেন বলে স্থানীয়দের অভিযোগ। বাঘাযতীন পার্কের সামনে দিয়ে একব্যক্তি তাঁর মেয়েকে স্কুলে পৌঁছতে যাওয়ার সময়ে বেপরোয়া গতিতে ছোটা অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর জখম হন। সম্প্রতি অকারণে হুটার বাজিয়ে যাওয়ার সময় হায়দরপাড়াতেও এক অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন কয়েকজন। পুলিসের একটি সূত্র জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে সম্প্রতি আটক করা হয়েছিল একজনকে। ওই চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ