নয়াদিল্লি: দিল্লির ভোটের আগে বিরোধী ইন্ডিয়া শিবিরের ফাটল আরও স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যেই আলাদা আলাদাভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজধানীর শাসক দল আম আদমি পার্টি ও কংগ্রেস। একে অন্যের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। দুই দলের মধ্যে শুরু হয়েছে পোস্টার যুদ্ধও। তাতে নয়া মাত্রা যোগ করেছে আপ প্রকাশিত ‘অসৎ’ নেতাদের তালিকা। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে স্থান পেয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। ওই পোস্টারে দিল্লির শাসক দল লিখেছে, ‘অরবিন্দ কেজরিওয়ালের সততা সমস্ত বেইমান (দুর্নীতিগ্রস্ত)-কে বিপাকে ফেলে দেবে।’ অর্থাৎ তালিকায় থাকা সকলেই অসৎ-দুর্নীতিগ্রস্ত বলে বোঝাতে চেয়েছে আপ।
Advertisement
সম্প্রতি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন রাহুল। তিনি জানিয়েছিলেন, দিল্লির জন্য কেজরিওয়াল সরকার কিছুই করেনি। এমনকী প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের প্রসঙ্গও টেনে আনেন কংগ্রেস সাংসদ। তাঁর দাবি, শীলা দীক্ষিতের সময় সরকার যা সাফল্য পেয়েছিল, তার ধারে কাছে পৌঁছে পারেনি আপ প্রশাসন। এমনকী, প্রধানমন্ত্রীর মতো কেজরিও প্রচার ও মিথ্যা প্রতিশ্রুতির ভরসায় রয়েছেন বলে অভিযোগ করেছিলেন রাহুল। পাল্টা একটি পোস্টার প্রকাশ করেছে আম আদমি পার্টি। তাতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপির একাধিক জাতীয় ও রাজ্য নেতার ছবি রয়েছে। তালিকায় রয়েছেন রাহুলও।



