মুম্বই: ক্রিকেটার থেকে হয়েছেন পাওয়ার কোচ। তবে কলকাতা নাইট রাইডার্স শিবিরে আন্দ্রে রাসেলের জনপ্রিয়তা কমেনি। সেটা কয়েকদিন আগে নাইটস আনপ্লাগড অনুষ্ঠানেও টের পাওয়া গিয়েছিল। রাসেলকে ঘিরে দেখা গিয়েছিল সমর্থকদের বিপুল উন্মাদনা। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের প্র্যাকটিসে আকর্ষণের কেন্দ্রে সেই রাসেলই। তাঁকে দেখে মনে হচ্ছিল, ব্যাট হাতে মাঠে নামার জন্য ছটফট করছেন। তুলে তুলে ছক্কা হাঁকানোর জন্য হাত নিশপিশ করছে। কিন্তু উপায় নেই। এখন তিনি কোচের ভূমিকায়। পাওয়ার কোচ। অর্থাৎ যেভাবে তিনি এতদিন বাইশ গজ শাসন করেছেন, সেই গুরুমন্ত্র শেখানোর দায়িত্ব নবাগতদের। রাসেল সেই দায়িত্ব উপভোগ করছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াংড়েতে কেকেআরের নেট সেশনে ক্যারিবিয়ান তারকাকে দেখা গেল ফিন অ্যালেনের সঙ্গে আলাদাভাবে কথা বলতে। তিনি বোঝানোর চেষ্টা করছিলেন, কীভাবে লাল মাটির পিচে পাওয়রে প্লে’তে বুমরাহদের তুলোধনা করতে হবে। রাসেলের টিপস পেয়ে ফিন অ্যালেন তুলে তুলে ছক্কা হাঁকালেন। শুধু অ্যালেন নন, রাসেলের ক্লাসে দেখা গিয়েছে রভম্যান পাওয়েলকেও। বিমান বিভ্রাটের কারণে তাঁর ভারতে আসতে দেরি হয়েছে। সরাসরি তিনি মুম্বইয়ে দলে যোগ দিয়েছেন। প্রথম দিনের অনুশীলনে রাসেলের তত্ত্বাবধানে পাওয়েল বুঝে নেওয়ার চেষ্টা করলেন, ডেথ ওভারে ম্যাচ বের করার কৌশল।



