নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ২০২১ ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে সাংসদ পার্থ ভৌমিক এবং প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (বালু) গ্রেপ্তারের দাবি উঠল। বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়করা এই দাবি জানিয়েছেন স্থানীয় পুলিশ কমিশনার (সিপি) অমিতকুমার সিংয়ের কাছে। বিজেপি বিধায়করা এই দাবি যখন জানাচ্ছেন সেইসময় দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে এনডিএ জোটের সঙ্গে বৈঠক করছেন পার্থ!
তাই সংগত প্রশ্ন উঠেছে, পার্থ ভৌমিককে কি মেনে নেবেন অর্জুন সিংরা? তবে এদিন রাজ্য সরকারের পূর্ণমন্ত্রী অর্জুন সিংসহ বারাকপুরের ছয় বিধায়ক সোমবার সিপির সঙ্গে দেখা করে পার্থকে সাফ গ্রেপ্তারের দাবি জানালেন। ওইসঙ্গে ভোট-পরবর্তী হিংসায় অভিযুক্ত সকলকেই গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। অর্জুন বলেন, অনেক ছোটোখাটো নেতা ভোট-পরবর্তী হিংসায় জড়িত ছিলেন। যেমন রাজ পান্ডে একটি বাচ্চা ছেলের মাথা উড়িয়ে দিয়েছিল। সৈকত ভাওয়ালের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছিল হালিশহরে। এসব মামলা পুনরায় তোলার দাবি রয়েছে।
এদিনের বৈঠকে অন্য বিধায়কদের মধ্যে ছিলেন কৌস্তুভ বাগচী, পবন সিং, রাজেশ কুমার, সুমিত্র চট্টোপাধ্যায় এবং সুদীপ্ত দাস। পুলিশের তরফে সিপি ছাড়া ছিলেন অতুল বিশ্বনাথন, ইন্দ্রবাদন ঝা, অসীম খান প্রমুখ ডিসি। বৈঠক শেষে সিপি বলেন, আসলে সব বিধায়কের সঙ্গে আমাদের সরাসরি পরিচয় ছিল না। এদিন সেটা হল। বিধায়করা তাঁদের এলাকার বিভিন্ন বিষয় আলোচনায় তুলেছেন। ২০২১ ভোট-পরবর্তী হিংসা নিয়ে কিছু কথা বলেছেন তাঁরা। সেসব মামলার চার্জশিট হয়ে গিয়েছে। কয়েকটি ক্ষেত্রে চলছে বিচারপর্ব। সেগুলি ‘ওপেন’ করতে আদালতে আবেদন জানাতে হবে। আমরা সমস্ত বিষয় খতিয়ে দেখছি। নির্দিষ্ট অভিযোগে এফআইআর হলে ব্যবস্থা নেওয়া হবে। পৃথক বৈঠক হবে দমদম লোকসভা এলাকার বিধায়কদের সঙ্গেও।