ইছাপুরে পুকুর বুজিয়ে বাড়ি তৈরির অভিযোগ, উত্তেজনা
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: একটি পুকুর বুজিয়ে তৈরি হয়েছে বাড়ি। এবার পাশের আরও একটি পুকুর ভরাটের কাজ চলছে। এমন অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় হাওড়ার জগাছা থানার ইছাপুর সৌমচণ্ডীতলা এলাকায়। পুকুর ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা। দু’পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বাগবিতণ্ডা। খবর দেওয়া হয় জগাছা থানায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আপাতত পুকুর ভরাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা জগন্নাথ বোদকের অভিযোগ, সুশান্ত দাস নামে এক ব্যক্তি ইতিমধ্যেই একটি পুকুর বুজিয়ে সেখানে বাড়ি তৈরি করেছেন। শুধু তাই নয়, লাগোয়া আরও একটি পুকুর ভরাটের কাজ চালাচ্ছেন। এনিয়ে ২০২৪ সাল থেকে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়ে আসছেন তিনি। কিন্তু এতদিনেও কোনও সুরাহা হয়নি বলে দাবি তাঁর। উল্টে আর্থিক প্রভাব খাটিয়ে তাঁকে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন জগন্নাথবাবু। তাঁর দাবি, একাধিক অভিযোগ সত্ত্বেও পুকুর ভরাট বন্ধ হয়নি।
এই অভিযোগ সামনে আসতেই ঘটনাস্থলে যান হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা। তাঁদের তরফে পুকুর ভরাটের কাজ অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়। তা নিয়েই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুশান্ত দাসের পরিবারের সদস্য সোমনাথ দাস। তাঁর দাবি, আইনি প্রক্রিয়ায় যে সিদ্ধান্ত হবে, তা তাঁরা মেনে নেবেন।
হিন্দু জাগরণ মঞ্চের শুভ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগাছা থানার পুলিশ। দু’পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি পুকুর ভরাটের কাজ করতে নিষেধ করা হয়েছে। অভিযোগকারীকে জমি সংক্রান্ত সমস্ত নথি নিয়ে আসতে বলেছে পুলিশ। সেই নথি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। পুকুরের জমির প্রকৃত চরিত্র কী, আদৌ ভরাটের অভিযোগের সত্যতা রয়েছে কি না, এখন তার উত্তর জানতে তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।

Advertisement

ছবি আছে