Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পানীয় জলের সংযোগ নিয়ে দলবাজির অভিযোগ, পাল্টা চ্যালেঞ্জ পুরসভার

পানীয় জলের সংযোগ নিয়ে দলবাজির অভিযোগ, পাল্টা চ্যালেঞ্জ পুরসভার
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর পুরসভার অধিকাংশ ওয়ার্ডে পানীয় জলের সংযোগ নিয়ে দলবাজির অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। বেশ কয়েকটি বাম ও বিজেপি কর্মী, সমর্থক পরিবারের অভিযোগ, বাড়ির সামনে মাটি খোঁড়া হলেও বেছে বেছে তাঁদের বাড়িতে সংযোগ দেওয়া হয়নি। এই ব্যাপারে বারংবার স্থানীয় কাউন্সিলারদের জানানো হলেও কাজ হয়নি।

Advertisement

সোমবারই এই অভিযোগ অস্বীকার করেছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পাল্টা অভিযোগকারী পরিবারদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস। এদিন সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পানীয় জলের সংযোগের আবেদন সঠিকভাবে বারুইপুর পুরসভায় জমা দিন অভিযোগকারীরা। তার ২৪ ঘণ্টার মধ্যে নিজে দাঁড়িয়ে থেকে কাজ করিয়ে দেব।
বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ড। এর মধ্যে অধিকাংশ ওয়ার্ডে বেছে বেছে কিছু পরিবারে জলের সংযোগ দেওয়া হয়নি বলে বিরোধীদের অভিযোগ। পুর এলাকার বাসিন্দা গৌরী হালদার বলেন, আমরা বিজেপি করি। তাই পানীয় জলের সংযোগ দেওয়া হয়নি। বাড়ির সামনে মাটি খোঁড়াখুড়ি হলেও কোনও কাজ হয়নি। একই কথা বলেন এলাকায় বাম কর্মী হিসেবে পরিচিত অন্নদাপ্রসাদ মুখোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, সবাই যখন জলের লাইন পাচ্ছেন, তখন আমরা কেন পাব না?
সোমবার এই খবর চাউর হতেই বিরোধীরা এক যোগে শাসকদলকে নিশানা করে। তৃণমূল বৈষম্যের রাজনীতি করে না বলে পাল্টা জবাব দেন স্পিকার। উল্টে এই ইস্যুকে হাতিয়ার করে আন্দোলনে নামার হুমকি দেয় বিজেপি। বারুইপুরের বিজেপির মণ্ডল সভাপতি গৌতম চক্রবর্তী আগামী দিনে এই বঞ্চিত পরিবারের সদস্যদের নিয়ে পুরসভার সামনে বিক্ষোভের ডাক দেন। এরপরই তড়িঘড়ি আসরে নামে পুরসভা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন ভাইস চেয়ারম্যান। পানীয় জল নিয়ে পুরসভা রাজনীতি করে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ