Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘কিডনি বিক্রি’র টাকায় কেনা জমি থেকে বধূকে উচ্ছেদের অভিযোগ

‘কিডনি বিক্রি’র টাকায় কেনা জমি থেকে বধূকে উচ্ছেদের অভিযোগ
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: কিডনি ‘বিক্রি’ করে স্বামীকে প্রায় ন’লক্ষ টাকা দিয়েছিলেন জমি কেনার জন্য। কিন্তু, স্ত্রী পম্পা সিংকে অন্ধকারে রেখে মায়ের নামে জমি কেনেন স্বামী। সেখানে অস্থায়ীভাবে বাড়িও তৈরি করেন। রাতারাতি সেই জমিও বিক্রি করে দিয়েছেন স্বামী সপ্তর্ষি সিং। জমির বর্তমান মালিক জায়গার দখল নিতে সেই বাড়ি ভাঙচুরের পাশাপাশি পম্পার গায়ে কেরসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দেগঙ্গায়। বুধবার দেগঙ্গা থানায় অভিযোগ জানালেন পম্পা। ঘটনাটি দেগঙ্গার বেড়াচাঁপা ১ নম্বর পঞ্চায়েতের নেতাজি পল্লির। 

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, জমিটির বর্তমান মালিক শম্ভু কর্মকার। সেই জমিতে বাঁশ পুঁতে ত্রিপল টাঙিয়ে কোনওমতে থাকছিলেন পম্পা। তাঁর স্বামী সপ্তর্ষি অন্য মহিলাকে বিয়ে করে থাকেন কলকাতায়। পম্পা বলেন, মঙ্গলবার গভীর রাতে শম্ভু কর্মকার, তাঁর ছেলে ও বিজেপির পঞ্চায়েত সদস্য চড়াও হয় আমার বাড়িতে। মারধর করে গায়ে কেরোসিন ঢেলে প্রাণে মারার চেষ্টা করে। মাথা গোঁজার আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তাঁর আরও দাবি, কিডনি বিক্রি করে স্বামীকে প্রায় ন’লক্ষ টাকা দিয়েছিলাম ওই জমি কিনতে। আমাকে না জানিয়ে স্বামী ওঁর মায়ের নামে জমি কেনে। পরে অন্যত্র বিয়ে করে সে চলে গিয়েছে। আমি ওই জমিতে থাকছিলাম। শম্ভু কর্মকার সব জানত। তিনি আমাকে বাঁশ, খুঁটি, ত্রিপল কেনার জন্য টাকা দিয়েছিলেন। এরপর গোপনে জমিটি শাশুড়ির থেকে শম্ভু আট লক্ষ টাকায় কিনেছে। মঙ্গলবার রাতে আমাকে উচ্ছেদ করতে শম্ভু, তাঁর ছেলে ও বিজেপির পঞ্চায়েত সদস্য শিশির ঢালি হামলা চালায়। অভিযোগ অস্বীকার করে শম্ভু বলেন, আমি জমিটি মাস দেড়েক আগে কিনেছি। ওরা আমার জমিতে থাকার জন্য ত্রিপল টাঙিয়েছিল। আমি থানায় অভিযোগ করি। পুলিসও আসে। তারপর কয়েকজন আমার কাছে এসে তিন লক্ষ টাকা দাবি করে বলে, টাকা না দিলে জমির দখল দেবে না। এরপরেই পরিকল্পিতভাবে মারধরের মিথ্যা অভিযোগ। পুলিস জানিয়েছে, দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত চলছে। তবে, মহিলার কিডনি বিক্রির দাবি খতিয়ে দেখা হচ্ছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ