Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ, আতঙ্ক

ভোটের দোরগোড়ায় উত্তপ্ত হয়ে উঠল বারুইপুর। এছাড়াও বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে জেলায়। হামলার অভিযোগ তুলেছে বিজেপি, সিপিএম

বারুইপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ, আতঙ্ক
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বারুইপুর: ভোটের দোরগোড়ায় উত্তপ্ত হয়ে উঠল বারুইপুর। এছাড়াও বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে জেলায়। হামলার অভিযোগ তুলেছে বিজেপি, সিপিএম। 

Advertisement

বারুইপুরে রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মদারাট পঞ্চায়েতের কবিন্দপুরে। আতঙ্কে রয়েছেন সজল সাঁপুই নামে ওই তৃণমূল কর্মী ও তাঁর পরিবার। সোমবার গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায় সাঁপুই পরিবারের সদস্যদের। বাড়ির বাইরে আসেন সজলবাবু। তিনি দেখেন, বাড়ির দেওয়ালে বোমা মারা হয়েছে। দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটিতে পড়ে আছে বোমার সুতলি। প্রবল আতঙ্ক গ্রাস করে সাঁপুই পরিবারকে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন মদারাট পঞ্চায়েত প্রধান রক্ষিত নস্কর। তিনি আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। সজলবাবু বলেন, আমরা আতঙ্কে রয়েছি। রাজনীতির কারণে আমাদের টার্গেট করা হয়েছে কি না বুঝতে পারছি না। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। তাঁরা এলাকা থেকে বোমার অবশিষ্টাংশ ও নমুনা সংগ্রহ করে। এলাকায় নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায়, তার জন্য মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। রাজনৈতিক শত্রুতা নাকি পুরানো বিবাদ থেকে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার রাত পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হননি। 
এদিকে, বারুইপুরে সিপিএমের পথসভার প্রস্তুতির সময় হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সীতাকুণ্ড মোড়ে মঙ্গলবার বিকালে সিপিএমের প্রার্থী স্বপন নস্করের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেই কাজে বাধা দেওয়া হয়। তারপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে মারধর করা হয়েছে কর্মীদের। সিপিএমের তিনজন আহত হয়েছেন। ঘটনাটি বারুইপুর থানাকে জানানো হলে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ওই এলাকায় টহল দেওয়া শুরু করেছে। আবার রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে রানিয়া মণ্ডলপাড়ায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের সমর্থনে পোস্টার লাগাচ্ছিলেন কর্মীরা। সেই সময় হামলা চালানো হয় বলে অভিযোগ। দুই বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে খবর। নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা।
এছাড়া ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়িতে এক দল যুবক হামলা চালায় বলে অভিযোগ। ইট মেরে গাড়ির কাছ ভেঙে দেওয়া হয়। প্রতিবাদে ঘটকপুকুর মোড় অবরোধ করেন আরাবুল ও তাঁর দলের কর্মীরা। জানা গিয়েছে, দেউলি পঞ্চায়েত এলাকায় কয়েকজন আইএসএফ কর্মীর বাড়ি থেকে ফেরার পথে আরাবুলের গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ এসে ভিড়কে সরিয়ে দেয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আরাবুল।  

সম্পর্কিত সংবাদ