সংবাদদাতা, ফালাকাটা: মা আহারের টিকিট ব্ল্যাকে বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ফালাকাটা শহরের কমিউনিটি হল চত্বরে। অভিযোগ, টিকিট বেচাকেনাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনাও ঘটে। এর জেরে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে মা আহারের পরিষেবা। পরে ফালাকাটা থানার পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের চালু হয় পরিষেবা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে নিয়ম মেনে মা আহারের টিকিট নিয়ে খেতে আসেন দুই যুবক। তবে তাঁদের কাছে থাকা টিকিট পুরনো বলে সন্দেহ হয় দায়িত্বে থাকা কর্মীদের। সেই টিকিট আটকে দেওয়া হয়। এরপরই টিকিটগুলি কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখতে গিয়ে কালোবাজারির অভিযোগ উঠে আসে। অভিযোগ, ফালাকাটা কমিউনিটি হলের মা আহারের ঘর মাঝে মধ্যে পরিষ্কার করার কাজ করে এক ব্যক্তি। টাকার লোভে তিনি সেখান থেকে কয়েকটি টিকিট নিয়ে নেয়। পরে ফালাকাটা বিএলআরও অফিসের মাঠে চলা মেলার বাইরে থেকে আসা কয়েকজন ব্যবসায়ীর কাছে পাঁচ টাকার টিকিট ২০ টাকা দরে বিক্রি করে। সেই টিকিট নিয়েই মেলার ব্যবসায়ীরা মা আহারে খেতে আসছিলেন।
বিষয়টি নিয়ে দায়িত্বে থাকা মহিলাদের সন্দেহ হয়। এরপর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের ভুল স্বীকার করে বলে জানা গিয়েছে। যদিও তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য মা আহারের পরিষেবা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরে স্বাভাবিক হয় পরিষেবা।