চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, ডোমজুড়ের নার্সিংহোমে বিক্ষোভ, নামল র‍্যাফ
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পেট খোলার পর মাঝপথেই বন্ধ করে দিতে হয় অপারেশন। তার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় রোগীর। এরপর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বুধবার সকালে ডোমজুড়ের সলপে একটি বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভে ফেটে পড়লেন মৃতার পরিজনরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নামাতে হয় র‍্যাফকেও। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সলপের বাসিন্দা স্বপ্না পাল (৪১) পেটে টিউমার নিয়ে গত শনিবার ওই নার্সিংহোমে ভরতি হন। মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসক। কিন্তু মাঝপথে অপারেশন বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ মৃতার পরিবারের। স্বপ্নার বান্ধবী ছন্দা সর্দারের দাবি, টিউমারটি আকারে বড়ো হওয়ায় ওই নার্সিংহোমে অস্ত্রোপচার করা সম্ভব নয় বলে চিকিৎসক তাঁদের জানান। কয়েকদিন পর অন্য কোনো বড়ো হাসপাতাল বা নার্সিংহোমে নিয়ে গিয়ে অস্ত্রোপচারের পরামর্শ দেন তিনি। পরিবারের অভিযোগ, ওটির মধ্যেই স্বপ্নার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার গভীর রাতে তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানানো হয়। বুধবার সকালে মৃত্যুর খবর পেয়ে পরিজনরা নার্সিংহোমে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পর্যাপ্ত পরিকাঠামো না থাকা সত্ত্বেও কেন ওই নার্সিংহোমে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। পরে ডোমজুড় গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও মেডিক্যাল টিম নার্সিংহোমে পৌঁছে রোগীকে মৃত বলে ঘোষণা করেন। প্রশাসনের উদ্যোগে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বিকালে ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের দাবি, জেলা স্বাস্থ্যদপ্তরে অভিযোগ জানানো হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। চিকিৎসায় গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement