Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তর শহরতলির ভোটারের মন জয়ে একযোগে ঝাঁপাল সব দল

রবিবাসরীয় ভোট প্রচারে জমজমাট উত্তর শহরতলি। তারকা এনে জমজমাট প্রচারের পাশাপাশি কোথাও হল মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান।

উত্তর শহরতলির ভোটারের মন জয়ে একযোগে ঝাঁপাল সব দল
  • ৩০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: রবিবাসরীয় ভোট প্রচারে জমজমাট উত্তর শহরতলি। তারকা এনে জমজমাট প্রচারের পাশাপাশি কোথাও হল মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান। কোথাও আবার যুযুধান বিরোধী পক্ষের প্রার্থীদের মুখোমুখি দেখা হওয়ায় করমর্দনের সৌজন্যও চোখে পড়ে। সব মিলিয়ে ছুটির দিনে কোনো পক্ষই পিছিয়ে থাকতে চায়নি। সাতসকালে গঙ্গা পাড়ে প্রাতর্ভ্রমণে আসা মানুষের সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচারে সকল প্রার্থী ঝাঁপিয়ে পড়েছিলেন।

Advertisement

রবিবার সকালে বরানগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র। ওই সময় পাশের ওয়ার্ড ১৫ নম্বরে প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। একসময় দুই দলের মিছিল দুই ওয়ার্ডের সীমানার রাস্তা দিয়ে পাশাপাশি যাচ্ছিল। সেইসময় দুই প্রার্থী হাত মিলিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে তাঁদের মধ্যে কোনো বাক্যালাপ সেইভাবে হয়নি। কয়েক মুহূর্ত হাত মিলিয়ে সবাই হাসিমুখে এগিয়ে যান। বরানগরে বিজেপি তৃণমূলের আকচাআকচি যখন চরমে উঠেছে তখন দুই প্রার্থীর সৌজন্য বিনিময় চর্চার বিষয় হয়ে উঠেছে। এদিন বরানগরজুড়ে হ্যান্ডমাইক হাতে প্রচারে ঝড় তোলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। 
অন্যদিকে, এদিন বিকেলে দক্ষিণেশ্বর মন্দিরের গেট থেকে তৃণমূল প্রার্থী মদন মিত্রের সমর্থনে বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়। ওই শোভাযাত্রায় ছিলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব এবং দমদমের সাংসদ সৌগত রায়। ওই শোভাযাত্রায় ধামসা মাদল বাজানো আদিবাসীরা মাথায় ময়ূর পালক লাগিয়ে উপস্থিত ছিলেন। এছাড়া রাধাকৃষ্ণ সাজে বহুরূপীরা ছিলেন। সঙ্গে ছিল তৃণমূলের থিম সং-এর সঙ্গে ডিজের তালে নাচ। এদিন পদযাত্রায় দেব-কে ঘিরে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আড়িয়াদহের ভিতর দিয়ে এই মিছিল যত এগিয়েছে মানুষের ঢল ততই বেড়েছে। মদনবাবু বলেন, কামারহাটিতে আমরা জিতছি। এদিন মানুষের উপস্থিত তা ফের একবার প্রমাণ করল। সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায় বাড়ি বাড়ি প্রচার করেন। তিনি বলেন, তৃণমূল হারের আতঙ্কে রয়েছে। তাই অভিনেতা নামাতে হয়েছে। এসব করেও লাভ হবে না। 
অন্যদিকে, আগরপাড়া উষুমপুরে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শোনার কর্মসূচি আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ বাড়ি বাড়ি প্রচারে ঝড় তোলেন। সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত বাড়ি বাড়ি প্রচার ও কর্মিসভা করেন। খড়দহের তৃণমূল প্রার্থী রহড়া মধ্যপাড়া এলাকায় রোড শো এবং বাড়ি বাড়ি প্রচার করেন। বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী গঙ্গাপাড়ে প্রাতর্ভ্রমণে আসা শহরবাসীর সামনে এবং বাড়ি বাড়ি প্রচার ও কর্মিসভা করেন। বারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী ১ নম্বর ওয়ার্ডে এবং বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচি প্রচার করেন বাড়ি বাড়ি। নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য ও সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় উত্তর বারাকপুর পুরসভার মণিরামপুরে প্রচারে ঝাঁপান। বিজেপি প্রার্থী অর্জুন সিং গারুলিয়া পুরসভার শ্যামনগর এলাকায় প্রচার করেন। একইভাবে উত্তর দমদম ও দমদমে প্রচারে ঝড় তোলেন প্রার্থীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ