• ‘ওয়ার ২’ নিয়ে দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। যা ঘিরে উচ্ছ্বাসের পারদ চড়েছে। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর, দুই সুপারস্টারের দ্বৈরথ, কিয়ারা আদবানির অ্যাকশন অবতার, চোখ ধাঁধানো গ্রাফিক্স... ছবিজুড়ে একের পর এক চমকের ইঙ্গিত মিলেছে ট্রেলারে। তবে ছবিতে নাকি থাকছে আরও চমক। শোনা যাচ্ছে, ‘ওয়ার ২’-এর হাত ধরেই ‘আলফা’ সিনেমার ঢাকে কাঠি পড়বে। কীভাবে? স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা কেন্দ্রিক ছবি ‘আলফা’র দুই অভিনেত্রীকে দেখা যাবে ‘ওয়ার ২’তেও। সূত্রের খবর, আলিয়া ভাট ও শর্বরী অভিনয় করবেন এই ছবিতে। সিনেমার শেষে কলাকুশলীদের নাম দেখানোর পর কোনও কোনও ছবিতে কিছু দৃশ্য থাকে। সেখানেই নাকি আলিয়া ও শর্বরীকে দেখা যাবে। এর মাধ্যমেই ‘আলফা’র ঘোষণা করবেন নির্মাতারা। আগে জানা গিয়েছিল, ‘ওয়ার ২’-এর ‘পোস্ট ক্রেডিট সিন’-এ থাকবেন শাহরুখ খান। তবে পরবর্তীতে পরিকল্পনায় বদল করেছেন নির্মাতারা।



