সংবাদদাতা, বাগডোগরা: মাটিগাড়ায় ফের পুলিশের উপর হামলা চালাল একদল যুবক। মদ্যপ যুবকদের শায়েস্তা করতে গিয়ে মার খেতে হল পুলিশকে। পাথর দিয়ে আঘাত করায় মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার। শুক্রবার গভীর রাতে মাটিগাড়া উত্তরায়ণ ফাঁড়ির একটি শপিংমলের সামনে ঘটনাটি ঘটেছে। কয়েকজন পালিয়ে গেলেও চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে ওই এলাকার একটি বারের সামনে একদল যুবক মদ্যপ অবস্থায় মারামারি করছিল। মাটিগাড়া থানার উত্তরায়ণ ফাঁড়ির টহলদারি ভ্যানের পুলিশকর্মীরা বাধা দিতে গেলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে যুবকরা। নিজেদের ঝগড়া থামিয়ে পুলিশের ওপর চড়াও হয় তারা। চলে ধস্তাধস্তি। এরই মধ্যে মদ্যপ অবস্থায় এক যুবক সামনে থাকা একটি পাথর তুলে সিভিক ভলান্টিয়ারের মাথায় আঘাত করলে রক্ত ঝরতে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার আরেকটি পুলিশ ভ্যান। তবে, পুলিশ যুবকদের আটক করতে গেলে কয়েকজন পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অধিরাজ দুরাজ, অধিশ উপ্রেতি, অভিষেক প্রধান ও কৌস্তুভ প্রসাদ। তাদের মধ্যে তিনজন দার্জিলিংয়ের বাসিন্দা ও একজন শিলিগুড়ির প্রধাননগরে থাকে।
সম্প্রতি, মাটিগাড়া থানার এক এসআই ও তাঁর স্ত্রীর উপর দুষ্কৃতীদের হামলার ঘটনার পর ফের পুলিশের উপর আক্রমণ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং বলেন, মদ্যপ যুবকরা মারামারি করছিল। পুলিশ তাদের আটকাতে গেলে চড়াও হয়ে এক সিভিকের উপর প্রাণঘাতী হামলা চালায়। চারজনকে গ্রেফতার করে মামলা রুজু করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। নিজস্ব চিত্র।