Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬

ড্রাই স্টেটে বিষমদ কাণ্ড! মৃত্যু একাধিক, রাজ্যজুড়ে রেড অ্যালার্ট পুলিশের

একের পর এক মৃত্যু। হাসপাতালের সামনে উদ্বিগ্ন পরিবার। আর তার মধ্যেই রাজ্যজুড়ে পুলিশের রেড অ্যালার্ট। নাগাল্যান্ডের তুয়েনসাং জেলায় ভেজাল মদ খেয়ে অন্তত ৯ জনের মৃত্যুর ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে।

ড্রাই স্টেটে বিষমদ কাণ্ড! মৃত্যু একাধিক, রাজ্যজুড়ে রেড অ্যালার্ট পুলিশের
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০২
Prefer us on Google

কোহিমা, ১৪ সেপ্টম্বর: একের পর এক মৃত্যু। হাসপাতালের সামনে উদ্বিগ্ন পরিবার। আর তার মধ্যেই রাজ্যজুড়ে পুলিশের রেড অ্যালার্ট। নাগাল্যান্ডের তুয়েনসাং জেলায় ভেজাল মদ খেয়ে অন্তত ৯ জনের মৃত্যুর ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। তুয়েনসাং সিভিল হাসপাতালে এই একাধিক মৃত্যুর খবর সামনে আসার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে সন্দেহের তির ভেজাল মদের দিকেই। যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Advertisement

রবিবার নাগাল্যান্ড পুলিশের ডিরেক্টর জেনারেল রুপিন শর্মা রাজ্যজুড়ে রেড অ্যালার্ট জারি করে সাধারণ মানুষকে মদ্যপান থেকে দূরে থাকার নির্দেশ দেন। বিশেষ করে মোন, মোকোকচুং, তুয়েনসাং, লংলেং, কিফিরে, শামাতোর এবং নকলাক জেলায় পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত রাজ্যের বাকি জেলাগুলির বাসিন্দাদেরও মদ্যপান না করার পরামর্শ দিয়েছে পুলিশ। 

তুয়েনসাংয়ের এই ঘটনা শুধুমাত্র বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা নয় বরং বহু বছর ধরে নাগাল্যান্ডে চলে আসা মদ নিষেধাজ্ঞার নীতিকেই নতুন করে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। নাগাল্যান্ড লিকার টোটাল প্রোহিবিশন অ্যাক্ট, এই আইন কার্যকর হওয়ার প্রথম দিকে এটিকে সামাজিক ও নৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। জনসমক্ষে মদ্যপানজনিত সমস্যা নিয়ন্ত্রণে গ্রাম পরিষদ ও মহিলাদের সংগঠনগুলিকেও ভূমিকা দেওয়া হয়েছিল। কিন্তু তিন দশকেরও বেশি সময় পরেও নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। 

নাগাল্যান্ডের বিধানসভাতেই আবগারি দপ্তর জানায়, রাজ্যের বহু ঠান্ডা পানীয়ের দোকানের আড়ালে দিনে দুপুরে রমরমিয়ে চলছে বেআইনি মদের কারবার। বিশেষ করে দিমাপুর ও কোহিমায় এই বেআইনি মদ বিক্রির ঘটনা বেশি ঘটছে বলেও জানান আবগারি দপ্তরের আধিকারিকরা। আইনের ফাঁক গলে বাজার ছেয়ে যাচ্ছে বিষাক্ত ও ভেজাল মদে, যার সবচেয়ে বড় শিকার তরুণ প্রজন্ম। অন্যদিকে, বৈধ মদের চড়া দামও অনেক যুবককে ঠেলে দিচ্ছে আরও বিপজ্জনক মাদকের দিকে। নাগাল্যান্ডের সঙ্গে অসমের দীর্ঘ অনিয়ন্ত্রিত সীমান্তও বেআইনি মদের কারবারকে বাড়িয়ে তুলেছে বলে সরকারি আলোচনায় উঠে এসেছে। সীমান্তবর্তী লাহোরিজানের মতো এলাকাগুলিতে মদ সরবরাহকে কেন্দ্র করে বেআইনি ব্যবসা ও অপরাধচক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ