নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: গ্যাস সিলিন্ডারের আড়ালে অবৈধভাবে গ্রামে দেশি মদ ঢুকছে। লোকচক্ষুর আড়ালে মুহূর্তেই সেসব পাড়ার ছোট ছোট দোকানে পৌঁছে যাচ্ছে। ফলে সহজেই মদ্যপায়ীরা হাতে কাছে পেয়ে যাচ্ছে নেশার বস্তু। অভিযোগ, এর জেরে কিশোর ও যুব সমাজের একটা অংশ মদে আসক্ত হয়ে পড়ছে। ঘটনার প্রতিবাদে জয়পুর থানা এলাকার শ্রীরামপুরের মহিলারা একজোট হয়ে সরব হলেও পরিস্থিতির একচুলও পরিবর্তন হয়নি। এই পরিস্থিতিতে বুধবার ভোরে ফের গ্যাসের সিলিন্ডারের আড়ালে গাড়ি ভর্তি মদ গ্রামে ঢুকতেই তাঁরা রুখে দাঁড়ান। গাড়িতে মজুত বিপুল পরিমাণ মদ ফেলে নষ্ট করে দেওয়া হয়। সেইসঙ্গে এদিন তাঁরা একাধিক দোকানেও হানা দেন। সেখান থেকেও উদ্ধার করা মদ ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের তরফে ওই ব্যবসায়ীদের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন, উৎসবের মরশুম মিটতেই মদের অবৈধ কারবার রুখতে গোটা বিষয়টি পুলিশের নজরে আনা হবে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগ জমা পড়লে অবৈধ মদের কারবারের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ করা হবে। গ্রামবাসীদের তরফে জানা গিয়েছে, গ্রামের বেশকিছু পাড়ায় ছোট ছোট চা-বিস্কুটের দোকানে মদ বিক্রি হচ্ছে। ওই দোকানগুলিতে মদের জোগান আসে বাইরে থেকে। অভিযোগ, ছোট চারচাকা গাড়িতে গ্যাস সিলিন্ডারের আড়ালে নিয়মিত গ্রামে মদ ঢুকছে। এদিন ভোরেও একই কায়দায় প্রায় ১৩ কার্টুন দেশি মদ গাড়িতে চাপিয়ে গ্রামের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল। আগাম খবর পেয়ে গ্রামের মহিলার স্থানীয় একটি স্কুলের সামনে জমায়েত হয়েছিলেন। গাড়িটি নজরে আসতেই তাঁরা রুখে দাঁড়ান। গাড়ির চালক ও সহকর্মী বেগতিক বুঝে গাড়ি ছেড়ে চম্পট দেয়। গ্রামবাসীরা গাড়িতে মজুত বিপুল পরিমাণ মদ ফেলে নষ্ট করে দেন। বেলা বাড়তে তাঁরা বাউড়ি পাড়া, তেঁতুল পাড়া সহ একাধিক এলাকায় অভিযানে নামেন। গোপন ডেরায় হানা দিয়ে আরও বেশকিছু মদ মাটিতে ফেলে নষ্ট করে দেন। সেইসঙ্গে গ্রামবাসীদের তরফে ব্যবসায়ীদের সতর্কও করে দেওয়া হয়েছে।



