নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খুব তীব্র (ভেরি সিভিয়ার) ঘূর্ণিঝড় ‘আকভান’-এর অভিমুখও অন্ধ্র উপকূলের দিকে হবে। রবিবার জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অক্টোবর-নভেম্বরে দিনকুড়ি সময়ের মধ্যে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড়ের ‘হ্যাট্রিক’ হতে চলেছে। অক্টোবরের শেষে ‘অর্ণব’ ও নভেম্বরের একেবারে শুরুতে ‘মুরাশু’ ঘূর্ণিঝড় অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে। আকভান অন্ধ্র উপকূলের ঠিক কোন জায়গায় ও কখন আছড়ে পড়বে, রবিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া দপ্তর জানায়নি। জানানো হয়েছে, বৃহস্পতিবার নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এটি খুব তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তখন ঝড়ের হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০-১৩০ কিমির মধ্যে। দমকা হাওয়ার গতিবেগ ১৪৫ কিমি পর্যন্ত উঠতে পারে। ঘূর্ণিঝড় অর্ণবের তীব্রতাও মোটামুটি এই মাত্রার ছিল।
পশ্চিমবঙ্গ উপকূল থেকে আকভানের অবস্থান অনেকটা দূরে হলেও দক্ষিণবঙ্গে এর পরোক্ষ প্রভাব পড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি, বজ্রপাত ও জোরালো হাওয়া বইতে পারে। এর মধ্যে রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কিছু জায়গায়। এসব স্থানে কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিমি গতিবেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বুধবারও কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ও হাওড়া জেলার কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢোকার ফলে কিছু জায়গায় শক্তিশালী বজ্রমেঘ তৈরি হবে। বেশি বৃষ্টিও হবে সেখানে। তবে টানা বৃষ্টি হবে না। বৃষ্টি হবে মাঝেমধ্যে। বেশি বৃষ্টি কোথাও হলে সেখানে মাঠে থাকা কৃষিপণ্যের ক্ষতি হতে পারে। আবহওয়া দপ্তর ফসলের ব্যাপারে এবং বজ্রপাত নিয়ে সতর্ক করেছে। এখন মাঠে পাকাধানের পাশাপাশি শীতের সবজি ভরে আছে। শুরু হয়েছে আলুচাষও। রাজ্যের উপকূলে মৎস্যজীবীদের যাওয়ার ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে রাজ্যের উপকূল ছাড়িয়ে অন্ধ্র-দক্ষিণ ওড়িশা লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রবিবার দক্ষিণ-পূর্ব এবং লাগোয়া দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে আজ সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবার আরও তীব্রতা বাড়িয়ে সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। তারপর তা উত্তর-পশ্চিম অভিমুখে অন্ধ্র উপকূলের দিকে এগনোর পথে তীব্রতা আরও বাড়াবে।



