Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূমিকর্তাকে পদক্ষেপ নেওয়ার দাবি আকতৈলের বাসিন্দাদের

সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

ভূমিকর্তাকে পদক্ষেপ নেওয়ার দাবি আকতৈলের বাসিন্দাদের
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হবিবপুর: সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে ব্লক ও জেলার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন হবিবপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েতের সনকইলের বাসিন্দারা। তাঁদের দাবি, জায়গা দখলমুক্ত করে সেখানে স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয় অথবা খেলার মাঠ করা হোক।

Advertisement

অভিযুক্ত শান্তময় সরকারের দাবি, জায়গাটি জমিদারি আমল থেকেই আমরা ব্যবহার করে আসছি। ওই জায়গায় একটি পুকুর রয়েছে। বহুদিন আগে সেটির টেন্ডার ডেকেছিল মালদহ জেলা পরিষদ। হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে খবর, সরকারি খাতায় উল্লেখ রয়েছে জায়গাটি ডিস্ট্রিক্ট বোর্ড মালদহের নামে। অর্থাৎ জেলা স্কুল বোর্ডের জায়গা এটি। ব্লক ভূমি আধিকারিক স্বপন তরফদার বলেন, দখলের বিষয়টি জানিয়ে গ্রামবাসীরা লিখিত অভিযোগ করেছিলেন। তার ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে একটি রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি। বাসিন্দাদের দাবি, সংশ্লিষ্ট এলাকায় একটি পুকুর সহ প্রায় ১৩ বিঘা ফাঁকা জায়গা রয়েছে। সেটি সরকারি বলেই জানেন বাসিন্দারা। তবে দীর্ঘদিন জায়গাটিকে নিজের বলে দাবি করে আসছেন শান্তময়। গ্রামের কেউ পুকুরে জল নিতে গেলে আপত্তি জানান ও ঝগড়া করেন তিনি। পুকুরের ধারেই কংক্রিটের পিলার দিয়ে পাকা বাড়ি নির্মাণ করছেন শান্তময়। সেই কাজ বন্ধ করার দাবিতে গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হন। স্থানীয় রতন প্রামাণিক বলেন, পুকুরের ধারে অবৈধ নির্মাণের বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান গায়ত্রী বর্মন বলেন, ঘটনাটি জানা নেই। জায়গা দখল হয়ে থাকলে অবশ্যই তদন্ত করবে সংশ্লিষ্ট দপ্তর। বেআইনি কোনও কাজ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ