Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বোলিং অ্যাকশন বিতর্ক, পাক স্পিনার তারিকের বিরুদ্ধে সরব আক্রাম-মুরলীরা,

চর্চার কেন্দ্রে পাক স্পিনার উসমান তারিকের অদ্ভুত অ্যাকশন। মঙ্গলবার টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে আমেরিকার বিরুদ্ধে তিন উইকেট নেন ২৮ বছর বয়সি স্পিনার।

বোলিং অ্যাকশন বিতর্ক, পাক স্পিনার তারিকের বিরুদ্ধে সরব আক্রাম-মুরলীরা,
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: চর্চার কেন্দ্রে পাক স্পিনার উসমান তারিকের অদ্ভুত অ্যাকশন। মঙ্গলবার টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে আমেরিকার বিরুদ্ধে তিন উইকেট নেন ২৮ বছর বয়সি স্পিনার। তারপরই ক্রিকেট মহলে চলে তুমুল আলোচনা। এই ব্যাপারে ওয়াসিম আক্রাম কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর মতে, ‘উসমানের মতো কাউকে দলে নেওয়ায় পাকিস্তানের ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হবে। ওর অ্যাকশন সন্দেহজনক। ফলে চাকিংয়ের অভিযোগ উঠবেই। তার উপর আমাদের ক্রিকেট ইতিহাসে অবৈধ বোলিং অ্যাকশনের উদাহরণ কম নেই।’ 

Advertisement


মুত্তাইয়া মুরলীধরনও একই সুরে গলা মিলিয়েছেন। কিংবদন্তি অফস্পিনারের মতে, ‘উসমানের অ্যাকশন সম্পূর্ণ অবৈধ। বুঝতে পারছি না, কেন আইসিসি ওর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এখনও। ওর কনুই বেঁকে যাচ্ছে বল ছাড়ার সময়।’ এরপর কটাক্ষের সুরে তিনি যোগ করেন, ‘রান-আপে প্রায় মিনিট দুয়েকের জন্য থেমে যাওয়া! ভাবতেই পারছি না। কখনও কখনও তো আবার মনে হচ্ছে, ডেলিভারির মাঝখানে মিনিট পাঁচেক থেমে যাচ্ছে। আর পাকিস্তানের তো চাকিংয়ের দীর্ঘ পরম্পরা রয়েছে।’ কেভিন পিটারসেনের কথায়, ‘গভীরভাবে ওর বোলিং দেখলাম। এটা পরিষ্কার যে, ব্যাটসম্যানের দিকে তাকিয়ে তারপর বল ছাড়ছে। আন্তর্জাতিক ক্রিকেটে যা আইনসিদ্ধ নয়। অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত আইসিসির।’ রিকি পন্টিংয়ের মন্তব্য, ‘এটা স্পষ্ট যে ওর অ্যাকশন আইনসিদ্ধ নয়। ও ব্যাটসম্যানকে লক্ষ্য করার পর বল ছাড়ে, যা নিয়ম বহির্ভুত।’ আবার অনেকের মতে, তারিকের কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙছে, যা অবৈধ। কিছুদিন আগে পাক স্পিনারের অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও। পাকিস্তান সুপার লিগে দু’বার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তা থেকে পাকিস্তান বোর্ড শুধু তাঁকে খালাসই করেনি, বিশ্বকাপের দলেও জামাই আদরে তাঁকে ডেকে নেয়। স্বয়ং উসমান নিজের বোলিং অ্যাকশন প্রসঙ্গে বলেন, ‘আমার হাতে দুটো কনুই। তাই বাঁকা মনে হয় হাত। এটা জন্মগত সমস্যা।’ আমেরিকার বিরুদ্ধে জয়ের পর উসমান অবশ্য খোঁচা দিয়েছেন ভারতকে। তাঁর মন্তব্য, ‘অ্যাকশন নিয়ে মোটেই আমি চাপে নেই। বরং আমাকে নিয়ে চাপে রয়েছে ভারতই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ