Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২১-এর মঞ্চে গতবার ছিলেন অখিলেশ, এবার কি তেজস্বী? চর্চা তৃণমূলের অন্দরে

২১ জুলাইয়ের সভা থেকে ছাব্বিশের ভোটমুখী বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

২১-এর মঞ্চে গতবার ছিলেন অখিলেশ, এবার কি তেজস্বী? চর্চা তৃণমূলের অন্দরে
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ জুলাইয়ের সভা থেকে ছাব্বিশের ভোটমুখী বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিধানসভা নির্বাচনে লড়াইয়ের রোডম্যাপ ঘোষণা হবে ধর্মতলার সমাবেশ থেকে। সেই মঞ্চে অন্য রাজনৈতিক দলের কোনও নেতাকে এবার দেখা যায় কি না, আপাতত তা নিয়েই চর্চা তুঙ্গে উঠেছে। গত বছর এই সভামঞ্চে হাজির ছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এবার আরজেডির তেজস্বী যাদবের নাম উঠে এসেছে তৃণমূলের অন্দরে। তেজস্বীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক সুবিদিত। সেই সূত্রেই লালু-পুত্রের নাম চর্চায় উঠে এসেছে বলে খবর। তাছাড়া, কলকাতার একটি হাসপাতালে সম্প্রতি তেজস্বীর সন্তান হওয়ার পর বাংলার সঙ্গে তাঁর সম্পর্কের বাঁধন আরও দৃঢ় হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। 

Advertisement

আজ, মঙ্গলবার খুঁটি পুজোর মধ্য দিয়ে সমাবেশের মঞ্চ বাঁধার কাজ শুরু হবে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে। এবার মূল মঞ্চে ৬০০ আসন রাখা হচ্ছে নেতানেত্রীদের বসার জন্য। মঞ্চে যাঁরা বসবেন, তাঁদের আলাদা কার্ড দেওয়া হচ্ছে। তৃণমূলের বাৎসরিক মেগা কর্মসূচি এই জনসভা। সামনের বছর বিধানসভা ভোট থাকায় এবার একুশের সমাবেশে রেকর্ড জমায়েত হবে বলেই দাবি তৃণমূল নেতৃত্বের। সভামঞ্চ থেকে বিধানসভা ভোটকেন্দ্রিক কী বার্তা মমতা দেন, দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক মহলেরও নজর রয়েছে সেদিকে। ভোটের কথা মাথায় রেখে অভিষেক কী বলেন, তা নিয়েও কৌতূহল রয়েছে। এদিকে, ওই দিনেই বিজেপি উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে। তাই উত্তরবঙ্গের তৃণমূল কর্মীরা যাতে নিরাপদে কলকাতা আসতে পারে এবং সভা শেষে বাড়ি ফিরতে পারেন, সেদিকে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ