নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বহুল চর্চিত মামলায় ফের সক্রিয় ইডি। সপ্তাহের প্রথম দিনেই আজ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই জারি করা সমনে তাঁকে সোমবার সকাল ১১টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অবস্থিত ইডির দপ্তরে হাজির হতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনে এ দিন কালীঘাটের নিজের বাড়ি থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হন তিনি। ১১টার মধ্যেই তাঁর গাড়ি সিজিও কমপ্লেক্সে প্রবেশ করে। এরপর তিনি সরাসরি তদন্তকারী সংস্থার দপ্তরে ঢুকে যান।
দীর্ঘদিন ধরেই প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা মহলের একাধিক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও তাঁদের অনেকেই বর্তমানে জামিনে মুক্ত। তদন্তের অগ্রগতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে আসায় এর আগেও তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল এবং তিনি ইডির দপ্তরে হাজিরাও দিয়েছিলেন।
রবিবার বিধানসভার সই বিকৃতি সংক্রান্ত মামলায় ভবানী ভবনে দীর্ঘ সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। আগামী ১৬ জুন একই মামলার পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেটে দায়ের হওয়া ‘ডিজে বাজানো’ সংক্রান্ত মন্তব্যের মামলায়ও তাঁকে হাজির হতে বলা হয়েছে। সেই ব্যস্ত তদন্ত-পর্বের মধ্যেই সোমবার ইডির জেরার মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।