মুম্বই: অপেক্ষাই সার। নির্বাচকরা আর মুখ তুলে চাননি। বাধ্য হয়ে চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন অজিঙ্কা রাহানে। তবে মনের মধ্যে জমে রয়েছে অনেক ক্ষোভ। বিশেষ করে কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকরের আচরণে তিনি খুবই বিরক্ত। রাহানে এমনিতে শান্ত স্বভাবের। সচরাচর আগ বাড়িয়ে কাউকে আক্রমণ করেন না। কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়রদের সঙ্গে যে ধরনের আচরণ করা হচ্ছে, তা নিয়ে সরব হয়েছেন তিনি। ঘুরিয়ে তুলোধনা করেছেন কোচ ও নির্বাচককে। রাহানে জানান, ‘টেস্ট দলে অভিজ্ঞতার কোনও বিকল্প নেই। কমপক্ষে ছ’সাতজন সিনিয়র ক্রিকেটারকে স্কোয়াডে রাখা উচিত। কিন্তু গত কয়েক বছরে তার উল্টোটাই চোখে পড়েছে।’



