Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে কালনা বইমেলা শুরু  

আজ থেকে কালনা বইমেলা শুরু
 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: আজ শুক্রবার কালনা বইমেলার আনুষ্ঠানিক সূচনা। এবার এই বইমেলার চতুর্থ বর্ষ। শহরের মধুবন এলাকার রাইসমিল মাঠে ১৭-২৩ জানুয়ারি বইমেলা চলবে। সাতদিনব্যাপী বইমেলায় সাহিত্যিক, কবি সহ বিশিষ্ট ব্যক্তিরা আসবেন। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখা হয়েছে। বৃহস্পতিবার বইমেলা উপলক্ষ্যে কালনা শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে পা মেলান মন্ত্রী স্বপন দেনবনাথ, অভিনেত্রী এনা সাহা, বইমেলার আহ্বায়ক সুব্রত পাল সহ অন্য বইপ্রেমীরা।
Advertisement
নবীন প্রজন্মের মধ্যে পাঠ্যপুস্তক ছাড়া সাহিত্য, উপন্যাস, গল্প সহ অন্য বই পড়ার প্রতি ঝোঁক কমছে। এর কারণ হিসাবে মোবাইলকে দায়ী করছেন প্রবীণরা। বিভিন্ন গ্রন্থাগারে গ্রাহক সংখ্যা এখন তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে তিনবছর আগে কালনার শিক্ষকমহল, ছাত্র-যুব সহ প্রবীণ নাগরিকদের সহযোগিতায় বইমেলা শুরু করেন সমাজসেবী সুব্রত পাল। পাশে পেয়েছেন আরও বিশিষ্ট ব্যক্তিদের। এবারও সেই বইমেলা আয়োজিত হচ্ছে। রাইসমিল মাঠে মেলায় ৫০টির বেশি স্টল থাকছে। এবারও প্রচুর বইপ্রেমী সেখানে ভিড় জমাবেন বলে আয়োজকরা আশা করছেন।
স্বপনবাবু বলেন, একসময় আমরা পাঠ্যবই ছাড়াও গোয়েন্দা গল্প, উপন্যাস পড়েছি। গল্পের বই পড়ার জন্য বাবা-মায়ের কাছে অনেক বকুনি খেয়েছি। অনেকসময় বই কেনার সাধ্য না থাকায় লাইব্রেরি থেকে এনে পড়েছি। আজ মোবাইল ছাত্র-যুবকে আকৃষ্ট করেছে। স্কুল-কলেজের পড়ুয়া ও যুবসমাজের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করার জন্য কালনা বইমেলার আয়োজক সুব্রতবাবু সহ বিশিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানাই। এদিন মন্ত্রী ছাত্র-যুবদের উদ্দেশ্যে বলেন, বইমেলায় এসে অন্তত একটি বই কিনুন। পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞানভাণ্ডার বাড়াতে সিলেবাসের বাইরের বইও পড়া দরকার। বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ