রাজকোট: সৈয়দ মুস্তাক আলি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার বাংলার প্রতিপক্ষ হায়দরাবাদ। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে ফোকাসের কেন্দ্রে তিলক ভার্মা বনাম মহম্মদ সামির ডুয়েল। বিধ্বংসী ফর্মে রয়েছেন হায়দরাবাদ অধিনায়ক। ম্যান্ডেলার দেশে টানা দুটি টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকানোর হাঁকান তিলক। ঘরোয়া ক্রিকেটেও তাঁর ব্যাটে রানের ফোয়ারা। দুরন্ত তিলককে দ্রুত প্যাভিলিয়নে ফেরানোই বাংলার লক্ষ্য। অন্যদিকে সামিও তাল ঠুকছেন। নিজের দিনে ঈশান পোড়েল বেশ বিপজ্জনক। মোদ্দা কথা, তিলককে দ্রুত ফেরাতে পারলে স্বস্তি পাবে বাংলা। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে ম্যাচ শুরু বিকেল ৪-৩০ মিনিটে।
Advertisement
শক্তিশালী পাঞ্জাবকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বঙ্গ ব্রিগেড। সামি, অভিষেক পোড়েল, সুদীপ চ্যাটার্জিরা চ্যালেঞ্জ ছুড়তে তৈরি। উইকেটে জমে গেলে বড় ইনিংস খেলার ক্ষমতা রাখেন সুদীপ। পাশাপাশি ব্যাটে, বলে দুরন্ত ছন্দে শাহবাজ আহমেদ। পাঞ্জাবের বিরুদ্ধে মাত্র ৪৯ বলে ঝোড়ো শতরান করে ম্যাচ পকেটে পোরেন তিনি। বড় হিট নিতেও ওস্তাদ শাহবাজ। তাঁর দিকেও নজর থাকবে।



