Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

আজ অভিযান শুরু বাংলার, নজরে সামি

আজ অভিযান শুরু বাংলার, নজরে সামি
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
রাজকোট: শনিবার বিকেলে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিযান শুরু করছে বাংলা। প্রথম ম্যাচে সুদীপ ঘরামির দলের উল্টোদিকে পাঞ্জাব। তবে ক্রিকেট মহলের নজর থাকছে মহম্মদ সামির উপর। সদ্য চোট সারিয়ে প্রত্যাবর্তনের ম্যাচে রনজি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সাত উইকেট নেন তারকা পেসার। কিন্তু অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের দলের সঙ্গে যোগ দিতে হলে তাঁকে ঘরোয়া ক্রিকেটে আরও কয়েকটি ম্যাচ খেলতে হবে বলে মনে করা হচ্ছে। তাঁর ম্যাচ ফিটনেস ভালো করে যাচাইয়ে আগ্রহী বোর্ড। পাশাপাশি, আইপিএল নিলামের বিচারেও সামির ভালো বোলিং জরুরি। কারণ, তাঁকে গুজরাত টাইটান্স ‘রিটেইন’ করেনি। কুড়ি ওভারের ফরম্যাটে মুস্তাক আলি ট্রফির পারফরম্যান্স সেজন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 
Advertisement
একইভাবে মুম্বইয়ের শ্রেয়স আয়ার, হরিয়ানার যুজবেন্দ্র চাহাল, বিদর্ভের করুণ নায়ার, বরোদার ক্রুণাল পান্ডিয়া, রাজস্থানের দীপক হুডার কাছেও এই আসর হয়ে উঠছে নিজেকে আরও একবার মেলে ধরার মঞ্চ। হার্দিক পান্ডিয়ার অবশ্য আইপিএলের নিলাম নিয়ে মাথাব্যথা নেই। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক তিনি। বোর্ডের ঘরোয়া ক্রিকেট খেলার নীতিকে সম্মান জানাতেই এই প্রতিযোগিতায় বরোদার হয়ে দাদা ক্রুণালের নেতৃত্বে খেলবেন তিনি।
সম্পর্কিত সংবাদ