Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ নিজের ওয়ার্ডে পথে নামছেন ববি, জেলায় জেলায় নেতাদের তোড়জোড়

আজ নিজের ওয়ার্ডে পথে নামছেন ববি, জেলায় জেলায় নেতাদের তোড়জোড়
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার ধরতে দলকে ময়দানে নামার নির্দেশ দিয়েছেন। তারপর থেকে কলকাতা সহ জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে জোর তৎপরতা। স্বয়ং মুখ্যমন্ত্রীর বিধানসভা অঞ্চল ভবানীপুরেও দেখা গিয়েছে তৃণমূল কর্মীদের সক্রিয়তা। বৃহস্পতিবার রাতেই ভবানীপুর এলাকার কাউন্সিলারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি নিজেও মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকার ভোটার। শুক্রবার মেয়র জানিয়েছেন, শনিবার থেকে তিনি নিজে এই কাজে নামবেন। পাড়ায় পাড়ায় ঘুরবেন। বাড়ি বাড়ি ঘুরে স্ক্রুটিনি করে চিহ্নিত করবেন ভুয়ো ভোটার। আজ ও কাল, রবিবার তৃণমূলের জেলা কমিটিগুলিও এ সংক্রান্ত বৈঠক ডেকেছে। বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও দলের পদাধিকারীরা উপস্থিত থাকবেন। সেখানেই তৈরি হবে ভুয়ো ভোটার ধরার ‘রোডম্যাপ’। 
Advertisement
ভুয়ো ভোটার সংক্রান্ত স্ক্রুটিনি থেকে শুরু করে যাবতীয় বিষয় দেখভাল করতে তৃণমূল নেত্রী ৩৭ জনের কোর কমিটি গড়ে দিয়েছেন। ঠিক হয়েছে, তাঁদের মধ্যে যে কোনও চারজন প্রতিনিধি প্রতিদিন বসবেন মেট্রোপলিটনের তৃণমূল ভবনে। তৃণমূল সূত্রে খবর, কোন জেলার কোন নেতা কবে আসবেন, চারজনের টিমে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নেতাদের কে কবে থাকবেন—এসব তালিকা এখন তৈরি করা চলছে। রবিবারের মধ্যে সেই তালিকা চূড়ান্ত করে সোমবার থেকে প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। 
ফিরহাদ হাকিম বলেন, ‘দল থেকে সার্কুলার হয়ে গিয়েছে। আমিও নামছি। সব কাউন্সিলারকে নামতে বলেছি তাঁদের ওয়ার্ডে। জেলার নেতারাও ভুয়ো ভোটার চিহ্নিত করতে নেমে পড়েছেন। একজনের নাম একাধিকবার আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। একই নম্বরে ক’টি নাম আছে, সেটা কম্পিউটারে দেখে নিতে হবে। স্ক্রুটিনি করে কতজন মৃত ভোটার রয়েছেন, তার তথ্যও দিতে বলা হয়েছে।’ সূত্রের খবর, নেত্রীর নির্দেশ পাওয়ার পর বিধায়করা তাঁদের বিধানসভা এলাকায় ভোটার লিস্ট পর্যালোচনার কাজ শুরু করে দিয়েছেন। বুথস্তরের কর্মীদের উপর এক্ষেত্রে বেশি জোর দেওয়া হচ্ছে। কারণ, বুথের কর্মীরাই আসল ভোটার-নকল ভোটার ধরতে পারবেন। মেয়র বলেন, ‘আমি প্রথমে আমার পাড়া, আমার বুথ ঘুরব। তারপর আমার পাশের ওয়ার্ড, আমার বিধানসভা এলাকায় যাব। আগে নিজের পাড়া, নিজের বুথ ঠিক করতে হবে।’ ওয়াকিবহাল মহলের মতে, ভোটার লিস্টের ভুয়ো ভোটার চিহ্নিতকরণের এই কাজে নেতাদেরও দলের কাছে ‘পারফরম্যান্স’ দেখানোর সুযোগ থাকছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ