নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার কলকাতা পুরসভার চলতি বোর্ডের চতুর্থ পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। শহরের সার্বিক উন্নয়নে বাজেটে কোন খাতে কত অর্থ বরাদ্দ করা হচ্ছে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে কৌতূহল রয়েছে। সূত্রের খবর, এবারের বাজেটেও পুর-পরিষেবাপ উন্নতি ও পরিকাঠামো নির্মাণে জোর দেওয়া হবে। পানীয় জল সরবরাহ এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নে জোর দিয়ে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে। সেই সঙ্গে শহরের রাস্তাঘাটের উন্নয়নেও জোর দিতে পারেন মেয়র ফিরহাদ হাকিম।।
Advertisement
ফিরহাদ একাধিকবার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দায়িত্ব দেওয়ার সময় বলেছিলেন, দক্ষিণ কলকাতা সহ সংযুক্ত অঞ্চলে পানীয় জলের সমস্যা দূর করতে হবে। সেই মতো ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহের জন্য বুস্টার পাম্পিং স্টেশন তৈরি হয়েছে। জল উৎপাদন বাড়াতে প্রকল্পের কাজ চলছে। ফলে স্বাভাবিকভাবে বাজেটে জল প্রকল্প এবং পানীয় জল সরবরাহের উন্নয়নে বরাদ্দ বেশি থাকবে। অন্যদিকে, বিভিন্ন জায়গায় জমা জলের সমস্যা মেটাতে একাধিক পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। বছরভর হচ্ছে ডিসিল্টিং বা নিকাশি থেকে পলি তোলার কাজ। সেই কাজগুলি সারা বছর চালু রাখতে উল্লেখযোগ্য বরাদ্দ থাকবে বলেই খবর। তবে, পুরসভার খরচ যেভাবে বেড়েছে, তার সঙ্গে সামাঞ্জস্য রেখে পুরসভার রাজস্ব-খাতে নিজস্ব আয় বাড়েনি। এই আবহে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রেখে ঘাটতি সামলে বিভিন্ন খাতের বরাদ্দ ‘ম্যানেজ’ কর্তৃপক্ষের জন্য রীতিমতো চ্যালেঞ্জ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।



