নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যাম্পাসে যৌন হেনস্তার তদন্তকারী ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটির (আইসিসি) ছাত্র প্রতিনিধি নির্বাচনের বৈঠক ঘিরে উত্তপ্ত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার এই কমিটির জন্য ছাত্র নির্বাচন করার লক্ষ্যে বৈঠক ডেকেছিল কর্তৃপক্ষ। তাতে অংশ নেয় সবক’টি ছাত্র সংগঠন। বৈঠক চলাকালীনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংগঠনগুলি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের দাবি, অতিবাম, আরএসএস এবং তৃণমূল অনুগামী সংগঠনের ছাত্ররা তাদের আক্রমণ করেছে। ছাত্রীদের মারধর করেছে। কারণ, অন্য সংগঠনগুলি নির্বাচন চায় না। যদিও আরএসএফ এবং অন্যান্য সংগঠনগুলির অভিযোগ এসএফআইয়ের দিকেই। তাদের দাবি, মিটিং বানচাল করার উদ্দেশ্যে এসএফআই হাওয়া গরম করে। গেটে তালা মেরে লাশ ফেলার হুমকি দেয়।



