কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তারকাদের আপত্তিকর ছবি তৈরির উদাহরণ প্রচুর রয়েছে। এবার ঐশ্বর্য রাই বচ্চনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তৈরি করা হল এআইয়ের সাহায্যে। তা নাকি ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজমাধ্যমে। বিষয়টি নজরে আসতেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী। তাঁর দাবি, এই ছবি আসল নয়। কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এমন ছবি ব্যবহারের অনুমতিও তিনি কাউকে দেননি। তা সত্ত্বেও সেই আপত্তিকর ছবি ব্যবহৃত হচ্ছে। বর্তমানে বহু অভিনেত্রীর ছবি অনুমতি ছাড়াই একাধিক ই-কমার্স সংস্থা ব্যবহার করছে। এই প্রবণতার বিরুদ্ধেও কথা বলেছেন অভিনেত্রী। প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি। তাঁর আইনজীবী হাইকোর্টে যাবতীয় নথি জমা দিয়েছেন। এর আগে অমিতাভ বচ্চনও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অনুমতি ছাড়াই তাঁর কণ্ঠস্বর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। পরে তাঁর ছবি ও কণ্ঠস্বর ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হয়।



