নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের বাতাসে দূষণের সূচক (একিউআই) ফের ঊর্ধ্বমুখী। গত কয়েকদিন একিউআই ১০০র কম থাকলেও ছটপুজোর প্রাক্কালে ফের তা ১০০ ছাড়িয়েছে। রবিবারের তথ্য বলছে, কলকাতার একিউআই ১৬৩, হাওড়ার ১৯৩, বারাকপুর ২২৬। এদিকে, ছটপুজোর সকালে দু’ঘণ্টা বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে সরকার। তবে শুধুই সবুজ বাজি পোড়ানো যাবে। কিন্তু কালীপুজোর রাতের অভিজ্ঞতা থেকে ছটেও অশনি সংকেত দেখছেন পরিবেশকর্মীরা। তাছাড়া, ছট উপলক্ষ্যেও শহরের বিভিন্ন এলাকার অলিগলিতে আতশবাজির দেদার বিক্রিবাটা চলছে। রবিবার রাত ন’টা পর্যন্ত শহরে বাজি ফাটানোর জন্য ৬ জন ও অভব্য আচরণের জন্য ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, শনিবার থেকেই কলকাতা শহরের একিউআই ১০০ ছাড়িয়ে গিয়েছে। গত কয়েকদিন বাতাসে দূষণের মাত্রা ‘স্বস্তিদায়ক’ ছিল। পরিবেশ বিজ্ঞানীরা বলেছিলেন, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কারণে একিউআই কমে গিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে বাজি পোড়ানো কম হয়েছে। বাস্তবে সেটাই দেখা গেল। বৃষ্টির আবহ কেটে যেতেই ফের দূষণ মাত্রাছাড়া হয়েছে। পরিবেশকর্মীদের আশঙ্কা, ছটপুজো উপলক্ষ্যে বাজি পোড়ানোর পর এই দূষণ আরও বাড়বে। এই আশঙ্কা যে অমূলক নয়, শহরের বিভিন্ন জায়গায় ঘুরে তা স্পষ্ট হয়েছে। পাড়ায় পাড়ায় বিক্রি হচ্ছে আতশবাজি। যদুবাবুর বাজার, শিয়ালদহ স্টেশন, গড়িয়া সহ বিভিন্ন এলাকায় আতশবাজির সম্ভার নিয়ে ব্যবসায়ীদের বসতে দেখা গিয়েছে। এসব ‘সবুজ বাজি’ কি না, তা নিয়ে যথেষ্ট সন্দিহান পরিবেশকর্মীরা। কালীপুজোর সময়ও এভাবে পাড়ায় পাড়ায় আতশবাজির পসরা দেখা গিয়েছিল। সেসব আদৌ ‘সবুজ বাজি’ কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরিবেশকর্মীরা। সরকার অনুমোদিত বাজি বাজারের ব্যবসায়ীদের অভিযোগ ছিল, পাড়ার এসব ছোটো দোকানের জন্য তাঁদের ব্যবসা ব্যাপকভাবে মার খেয়েছে। দীপাবলির রাতে কলকাতা দেখেছিল শব্দবাজির বেলাগাম দাপট। পরিবেশকর্মী নব দত্তর বক্তব্য, ‘সরকার চোখ বুজে রয়েছে। বাজি ফাটানো নিয়ে আদালতের নির্দেশ কার্যকর করছে না তারা। এর ফলে অবৈধ অর্থনীতি চাঙা হচ্ছে।’
ভবানীপুরের যদুবাবুর বাজারে ছটপুজোর সামগ্রী বিক্রির ধুম পড়েছে। কিন্তু বাজি কোথায়? এক বিক্রেতাকে একথা জিজ্ঞাসা করতেই তিনি একটি গলি দেখিয়ে দিলেন। সেখানে গিয়ে দেখা গেল, একটি দোকানের বাইরে নানা রকম আতশবাজি সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। শিয়ালদহ স্টেশনের কাছে, বৈঠকখানা বাজারের একাধিক জায়গায় একই ছবি নজরে এসেছে। ফলে ছটপুজোর পর বাতাসে দূষণের মাত্রা কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকে কৌতূহল নিয়ে তাকিয়ে রয়েছেন পরিবেশকর্মীরা।



