নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর আইএফএ শিল্ডের আসর বসবে শিলিগুড়িতে। ফেডারেশনের ফুটবল ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৫ সালের মার্চে শিল্ডের স্লট পাচ্ছে আইএফএ। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সব ম্যাচ আয়োজন করতে চায় বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। অতীতে আই লিগ, ফেডারেশন কাপ ছাড়া এএফসি কাপের ম্যাচও হয়েছে শিলিগুড়িতে। তার উপর পাহাড়ে ফুটবল নিয়ে উন্মাদনা তুঙ্গে। সচিব অনির্বাণ দত্তের মন্তব্য, ‘প্রাথমিক কথা হয়েছে। ইতিবাচক মানসিকতা নিয়েই এগচ্ছি।’ আট দলের শিল্ডে কলকাতার তিন প্রধান ছাড়াও ব্রাজিলের বোটাফোগোকে খেলানোর চেষ্টায় মরিয়া সুতারকিন স্ট্রিটের কর্তারা।



