নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়ায় জনস্বাস্থ্য দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি দিল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। সোমবার আইএনটিটিইউসি’র একটি প্রতিনিধি দল জনস্বাস্থ্য আধিকারিকের কাছে কর্মীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে স্মারকলিপি দেয়। হুগলি মোড়ে জনস্বাস্থ্য দপ্তরের ইঞ্জিনিয়ারের অফিসে সামনে একটি সমাবেশও করে শ্রমিক নেতৃত্ব। আইএনটিটিইউসি’র জেলা সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, সঠিক সময়ে কর্মীদের ভাতা, পিএফ এবং ইএসআই সুবিধা যথাযথ দেওয়া সহ একাধিক দাবি পেশ করা হয়েছে। মূলত, জনস্বাস্থ্য দপ্তরের ফিল্ড ওয়ার্কারদের নিয়ে এদিন দাবিসনদ পেশ করা হয়েছে।



