নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রতি মাসে গড়ে অন্তত চারবার থমকে যাচ্ছে আইআরসিটিসির ওয়েবসাইট। এর ফলে অনলাইনে টিকিট বুকিং করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ রেলযাত্রীদের। স্বাভাবিক কারণেই বৃদ্ধি পাচ্ছে হয়রানিও। কখনও অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে টিকিট বুকিংয়ের টাকা। অথচ মিলছে না টিকিট। পরে সেই ‘রিফান্ড’ পেতে রীতিমতো কালঘাম ছুটছে রেলযাত্রীদের। আবার কখনও অনলাইনে টিকিট বুকিংয়ের দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করার পর ‘সাবমিট’ করার মুহূর্তে চলে আসছে ‘এরর’ মেসেজ। অর্থাৎ, পুরো প্রক্রিয়াই পণ্ড। ফের শুরু করতে হচ্ছে একেবারে গোড়া থেকে। বছরের একেবারে শেষ দিনেও এহেন ঝামেলার হাত থেকে রেহাই পেলেন না সাধারণ রেলযাত্রীদের একটি বড় অংশ। মঙ্গলবারও দীর্ঘক্ষণ থমকে রইলো আইআরসিটিসির অনলাইন পরিষেবা। এর ফলে তৎকাল টিকিট বুকিং করতে সবথেকে বেশি হয়রান হতে হল সাধারণ যাত্রীদের। আইআরসিটিসির এহেন ঘটনায় ক্ষোভ চরমে উঠেছে রেলযাত্রীদের। এদিন আইআরসিটিসির পক্ষ থেকে ‘বর্তমান’কে জানানো হয়েছে, লাগাতার আইটি সিস্টেম আপগ্রেডেশনের কাজ করাই হচ্ছে। উল্লেখযোগ্য কোনও সফটওয়্যার পরিবর্তনের পরিকল্পনা আপাতত নেই। সামান্য সময়ের জন্য তা থমকে থাকতে পারে। তবে কিছুক্ষণের মধ্যেই সিস্টেম ফের চালু করা হয়। ফলে যাত্রীদের সমস্যা বিশেষ হয় না। রেলযাত্রীদের একটি বড় অংশের অবশ্য অভিযোগ, বাস্তব অভিজ্ঞতা রেলের এই দাবির সঙ্গে মিলছে না।



