নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এ আইয়ের সাহায্যে পরিচিতের কণ্ঠস্বর নকল (ভয়েস ক্লোন) করে শিলিগুড়ির এক ব্যবসায়ীকে প্রতারণা করা হয়েছে। এভাবে তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ঘটনার তদন্তে নেমে পার্ক স্ট্রিট থানার পুলিস চার অভিযুক্তকে পাকড়াও করে। তারমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয় মুম্বই থেকে। একজনকে কলকাতা থেকে। শনিবার ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে হাজির করা হয়। বিচারক তাদের ১৮ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শিলিগুডির বাসিন্দা এক ব্যক্তিকে ফোন করে অপরাধ চক্রের এক পান্ডা। সে নিজেকে কলকাতার একটি নামী প্লাইউড সংস্থার মালিক বলে পরিচয় দেন। অভিযোগকারী দেখেন তাঁর ফোনে প্লাইউড সংস্থার মালিকের নম্বরটি ভেসে উঠেছে। শুধু তাই নয়, অভিযোগকারী শুনতে পান অবিকল তাঁর পরিচিত ব্যবসায়ীর গলাটি। সরকারি কৌঁসুলি এদিন আদালতে জানান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভয়েস ক্লোন করা হয়। এরপরে প্লাইউড সংস্থার মালিকের নম্বর হ্যাক করে পুরো ঘটনাটি ঘটিয়েছে অভিযুক্তরা। তিনি জানান, মোবাইলের নম্বর ও গলার স্বর পরিচিত ঠেকায় অভিযোগকারী ব্যক্তি জানতে চান তাঁর কী সমস্যা? তখনই ফোনের অপর প্রান্ত থেকে এক অভিযুক্ত বলে, সে কলকাতার বাইরে আছে। তাঁর লোক কলকাতায় আছে। তাঁকে যেন ৫০ লক্ষ টাকা দেওয়া হয়। কলকাতায় ফিরেই ওই টাকা তিনি ফেরত দিয়ে দেবেন। সেই মতো ৫০ লক্ষ টাকা শিলিগুড়ির বাসিন্দা অভিযোগকারী ব্যক্তি তাঁর এক পরিচিতের মাধ্যমে পাঠিয়ে দেন কলকাতায়। সেখানেই নির্দিষ্ট স্থানে ওই টাকা পাওয়ার পর অভিযুক্তরা সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। মোবাইল ফোনের নম্বর ব্লক করে দেওয়া হয়। প্রতারিত হয়েছেন, বুঝতে পেরে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিস মোবাইল ফোনের সূত্র ধরে অভিযুক্তদের গ্রেপ্তার করে।



