• মানব প্রবৃত্তি ও প্রকৃতির বিকল্প প্রযুক্তি নিয়ে যতই জল্পনা হোক না কেন কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের আবেগ বুঝতে অক্ষম। এআই একটা টুল, মনস্টার নয়। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা ধ্রুবসত্য নয়। এমনই মত উঠে এল সোমবার ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত ‘এআই দ্য ফিউচার অব সিনেমা’ শীর্ষক আলোচনা সভায়। বক্তা ছিলেন অশোক বিশ্বনাথন, বেদব্রত পাইন, পরমব্রত চট্টোপাধ্যায়, রবিরঞ্জন মৈত্র ও সানি জোসেফ। অশোক বলেন, ‘কোভিড পর্বের পর থেকে সিনেমার আপাদমস্তক বদলেছে। এই বদলকে বুঝতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন একটা চ্যালেঞ্জ হলেও এআই হিউমারের জন্ম দিতে অক্ষম।’ বেদব্রতর মত, ‘যে কোনও নতুন প্রযুক্তি এলেই আশঙ্কা তৈরি হয়। পরে সেটায় মানুষ অভ্যস্ত হয়ে যায়। কোনও প্রযুক্তিই মানুষের মনকে, অভিব্যক্তিকে গ্রাস করতে পারে না।’



