নয়াদিল্লি: আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিপর্যয়ে প্রাণ হারিয়েছিলেন ২৬০ জন। মৃত্যু হয়েছিল পাইলট ক্যাপ্টেন সুমিত সবরওয়ালেরও। ইতিমধ্যেই এই দুর্ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। এবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার রিপোর্ট নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন ক্যাপ্টেন সুমিতের বাবা পুসকারাজ। তাঁর বক্তব্য, দুর্ঘটনার জন্য বেছে বেছে কয়েকটি কারণকে তুলে ধরা হচ্ছে। সেগুলি দেখে মনে হচ্ছে, ক্যাপ্টেন সুমিত ভয়ংকর মানসিক চাপে ছিলেন এবং দীর্ঘদিন ধরেই আত্মহত্যার কথা ভাবছিলেন। ৯১ বছর বয়সি বৃদ্ধ আরও জানিয়েছেন, এধরনের ভিত্তিহীন মন্তব্য তাঁর শরীর ও মনে নেতিবাচক প্রভাব ফেলছে। তাছাড়া, ছেলে তথা এয়ার ইন্ডিয়া বিমানের পাইলট সুমিতের ভাবমূর্তিকেও নষ্ট করছে। যা ভারতীয় সংবিধানের ২১ নম্বর ধারার বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী। এই পরিস্থিতিতে সরাসরি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন মৃত ক্যাপ্টেনের বাবা। তাঁর দাবি, বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ২০১৭ সালের এয়ারক্র্যাফট আইনের ১২ নম্বর রুল অনুযায়ী তদন্তের নির্দেশ দিক কেন্দ্র। তাহলেই প্রকৃত তথ্য প্রকাশ্যে আসবে। যদিও এই নিয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।



