সংবাদদাতা, কাকদ্বীপ: আগুনে ভস্মীভূত হয়ে গেল তিনটি বসতবাড়ি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের দক্ষিণ পুকুরবেডিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে আগুন দেখে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু বাড়ির উপরে ত্রিপল চাপানো থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পিছনের আরও দু’টি বাড়িতে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা বালতিতে করে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় খুব একটা সুবিধা হয়নি। কিছুক্ষণের মধ্যে তিনটি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। কাকদ্বীপ থানার পুলিস ও দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়।
Advertisement
স্থানীয় বাসিন্দা অভিজিৎ দাস বলেন, ‘আগুনের তীব্রতা এত বেশি ছিল যে বাড়ির ভিতরে থাকা কোনও কিছুই বাঁচানো সম্ভব হয়নি। গুরুত্বপূর্ণ নথিপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।’ কাকদ্বীপের বিডিও ঋক গোস্বামী বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে তিনটি পরিবারের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।’



