Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লিঙ্ক সমস্যায় স্তব্ধ আগরপাড়া সাব পোস্ট অফিস, ভোগান্তি গ্রাহকদের

লিঙ্ক সমস্যায় স্তব্ধ আগরপাড়া সাব পোস্ট অফিস, ভোগান্তি গ্রাহকদের
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: প্রতি মুহূর্তে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন ফেরি করে কেন্দ্রীয় সরকার। কিন্তু বাস্তব আর কল্পনার ফারাক বুঝছেন আগরপাড়ার বাসিন্দারা। গত দু’দিন ধরে লিঙ্কের অভাবে কাজ বন্ধ আগরপাড়া সাব পোস্ট অফিসে। অভিযোগ, এই ঘটনা প্রতি মাসে বেশ কয়েকবার হচ্ছে। ফলে পেনশনার থেকে সাধারণ মানুষ অটো ভাড়া করে পোস্ট অফিসে এসেও খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। শুক্রবার এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ভুক্তভোগী গ্রাহকরা। যদিও পোস্ট অফিসের তরফে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব আগরপাড়া স্টেশন রোডে রয়েছে আগরপাড়া সাব পোস্ট অফিস। এখানে প্রায় তিন হাজারের বেশি গ্রাহক রয়েছেন। অভিযোগ, সপ্তাহের শুরু থেকেই পোস্ট অফিসের দেওয়ালে ‘লিঙ্ক ফেইলিওর’ বলে নোটিস ঝোলানো হয়েছে। ফলে সমস্ত ধরনের গ্রাহক পরিষেবা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। আর্থিক লেনদেনের জন্য মানুষকে দীর্ঘদিন ধরে ঘুরতে হচ্ছে। প্রবীণরা এই কাঠফাটা রোদের মধ্যে অটো ভাড়া করে এসেও দীর্ঘক্ষণ লাইন দাঁড়িয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। শুধু তাই নয়, পোস্ট অফিসটি দোতলায় হওয়ায় ওঠানামায় তাঁদের মারাত্মক কষ্ট হচ্ছে।
আগরপাড়ার বাসিন্দা তাপসকুমার দে বলেন, কখনও বলছে প্রিন্টার খারাপ। কখনও পাশবই খুঁজে পাচ্ছে না। আর লিঙ্কের সমস্যা তো লেগেই রয়েছে। গত দু’দিনে চারবার এলাম। প্রতিবারই বলছে, লিঙ্ক নেই কাজ হবে না। পূজা বন্দ্যোপাধ্যায় বলেন, গত দু’দিন ধরে ঘুরছি। এসে শুনছি একটাই কথা, লিঙ্ক নেই। এখন টাকা জমা নেওয়া সম্ভব নয়। কতবার অটো ভাড়া করে আসতে হবে আমাদের? সাধারণ মানুষের হয়রানি নিয়ে পোস্ট অফিসের কর্মীদের কোনও হেলদোল নেই।
পোস্ট মাস্টার অজয় মাহাত বলেন, আমি টেকনিক্যাল লোক নই। কেন বার বার লিঙ্কের সমস্যা হচ্ছে, তা বলতে পারব না। বিষয়টি বিএসএনএল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের ইঞ্জিনিয়াররা বিষয়টি দেখছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ