নয়াদিল্লি: বিরাট কোহলি ও রোহিত শর্মার ইস্যুতে ধোঁয়াশা রাখলেন অজিত আগরকর। প্রত্যেক ম্যাচে তাঁদের আতসকাঁচের নীচে পরীক্ষা করা হচ্ছে না বলেই জানিয়েছেন নির্বাচকমন্ডলীর চেয়ারম্যান। পাশাপাশি এটাও বলেছেন যে তাঁদের বিশ্বকাপ খেলা অনিশ্চিত। শুক্রবার রাজধানীতে রীতিমতো দার্শনিকের সুরে আগরকরের মন্তব্য, ‘ওদেরকে প্রতি ম্যাচে ট্রায়ালে ফেলা হাস্যকর। একবার খেলতে শুরু করলে ওদের পারফরম্যান্স অবশ্যই যাচাই করা হবে। কিন্তু তার মানে এটা নয় যে ওরা ট্রায়ালে রয়েছে।’
ক্রিকেটমহলে অবশ্য অনেকেরই আশঙ্কা ডনের দেশে তিন ম্যাচের ওডিআই সিরিজ না দুই মহারথীর বিদায়বাসর হয়ে ওঠে। বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে সেজন্যই চলছে জল্পনা। তবে আগরকর বলেছেন, ‘এমন মোটেই নয় যে অস্ট্রেলিয়ায় ওরা রান না পেলে বাদ পড়বে। আবার একইভাবে এটাও বলা যাচ্ছে না এই সিরিজে তিনটি সেঞ্চুরি করলেই ২০২৭ বিশ্বকাপের দলে ওদের খেলা নিশ্চিত। দু’বছর পরের কথা এখনই বলা মুশকিল। কোনও জুনিয়র দারুণ খেলে উঠে আসতেও তো পারে।’ অর্থাৎ, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
টেস্ট ক্রিকেট থেকে দুই তারকার অবসরের সিদ্ধান্তের নেপথ্যে অবশ্য নির্বাচকদের কোনও ভূমিকা ছিল না বলেই জানিয়েছেন আগরকর। তাঁর কথায়, ‘ওদের অভিজ্ঞতা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ইংল্যান্ডেই। দু’জনেই কিংবদন্তি। কিন্তু ওরা যোগাযোগ করেছিল আমাদের সঙ্গে। আর ওদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি আমরা।’
মহম্মদ সামির জাতীয় দলের বাইরে থাকা নিয়েও উঠছে প্রশ্ন। উত্তরাখণ্ডের বিরুদ্ধে রনজি ম্যাচ শুরুর আগে স্বয়ং ডানহাতি পেসার বলেন, চারদিনের ম্যাচ খেলতে পারলে ওয়ান ডে কেন পারব না? তবে সেই ক্ষোভ উড়িয়ে দিচ্ছে আগরকরের মন্তব্য, ‘সামি এখানে থাকলে আমি ওকে জবাব দিতাম। ও যদি ফিটই থাকত, তবে কেন দলে নেই? ওর সঙ্গে আমার অজস্রবার কথা হয়েছে। কিন্তু গত ছয় থেকে আট মাসে আমরা ফিট সামিকে পাইনি। ইংল্যান্ড সফরের জন্যও ফিট ছিল না ও।’
শুক্রবার বিকেলে ইডেনে রনজি খেলে বেরনোর সময় স্বয়ং সামি অবশ্য পাল্টা দেন। আগরকরের বক্তব্যে তাঁর প্রতিক্রিয়া, ‘আপনারা সবাই তো দেখলেন আমি কেমন বল করেছি। উনি যা বলছেন বলুন। আমার যেটুকু বলার ছিল, তা আগেই জানিয়েছি। আর কিছু বলব না।’ কিন্তু না বললেও আগরকর বনাম সামির যুদ্ধের দামামা জারি থাকছে!