সংবাদদাতা, বনগাঁ: পানীয় জলের পাইপ লাইনের কাজের জন্য রাস্তার পাশে গর্ত খোঁড়া হয়েছে। বসানো হয়েছে জলের পাইপ। কিন্তু পাইপ লাইনের কাজ শেষ হওয়ার পর সেই রাস্তা সারাই হয়নি। রাস্তার পাশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সেখানে বর্ষার জল জমে রাস্তার অবস্থা ভয়ানক বেহাল হয়ে উঠেছে। সমস্যায় পড়ছেন পথ চলতি মানুষজন। একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে চালকদের। মাঝেমধ্যে ঘটছে ছোটখাট দুর্ঘটনা। বনগাঁয় পাইকপাড়া-রামচন্দ্রপুর যাতায়াতের রাস্তার এই দশা। প্রায় দুই কিমি লম্বা এই রাস্তাটি পূর্তদপ্তরের।
পাইকপাড়া, রামচন্দ্রপুর, ট্যাংরা কলোনি, সুটিয়াসহ বিভিন্ন জায়গার বাসিন্দাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। কয়েকটি স্কুলের পড়ুয়ারা চলাচল করে। বিভিন্ন গ্রামের বাসিন্দাদের যেকোনও কাজে বনগাঁ আসা-যাওয়ারও প্রধান রাস্তা এটি। স্বভাবতই রাস্তার বেহাল দশায় নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁরা এজন্য প্রশাসনের অবহেলাকেই দায়ী করছেন। কয়েকমাস আগে রাস্তাটি সম্পূর্ণ সংস্কার করা হয়। রাস্তায় বসানো হয়েছে বিশেষ একধরনের ইট। রাস্তা তৈরির কিছুদিনের মধ্যেই পাশ দিয়ে পাইপ লাইনের কাজ শুরু হয়েছে।
বাসিন্দাদের মত, পাইপ লাইনের কাজটি রাস্তা তৈরির আগেই করে নিলে এই দশা হতো না। বনগাঁ ব্লকে ঘাটবাঁওড় পঞ্চায়েতের মধ্যে দিয়ে রাস্তাটি গিয়েছে।
এঁড়োপোতার বাসিন্দা কবির মন্ডল বলেন, ‘কাজের তাগিদে প্রতিদিন বনগাঁ আসতে হয়। রাতে বাড়ি ফিরি। বাইক চালিয়ে চলাচল করতে রীতিমতো ভয় করে। রাস্তার পাশে ইট উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। একটি গাড়ি গেলে আর জায়গা থাকে না।’ এই বিষয়ে ঘাটবাঁওড় পঞ্চায়েতের প্রধান আনিসুর জামান মণ্ডল বলেন, ‘রাস্তাটি পূর্তদপ্তরের। রাস্তার পাশ দিয়ে পাইপ বসানোর ফলে কোথাও কোথাও রাস্তা ভেঙে গিয়েছে। রাস্তাটি সংস্কারের জন্য পূর্তদপ্তরে আবেদন জানাব।’ নিজস্ব চিত্র