নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দীর্ঘ টালবাহানার পর অবশেষে ২৩ জুন থেকে চালু হতে চলেছে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র। শুক্রবার শিলিগুড়ি টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাকক্ষে বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। নর্থবেঙ্গল টি অকশন কমিটির সম্পাদক প্রতাপ রাউত জানিয়েছেন, ২৫ নম্বর সেল থেকে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রে টি অকশন শুরু হবে। ১২ তারিখ থেকে ওয়ারহাউসে চা ঢোকা শুরু হবে। এখনও পর্যন্ত জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র থেকে টি অকশন করার জন্য ২০১ জন ক্রেতা, ৪০ জন বিক্রেতা, আটজন ব্রোকার ও ছ’টি ওয়ারহাউস রেজিস্ট্রেশন করেছে। এই নিলামকেন্দ্র থেকে টি অকশন করলে চায়ের দামে দুই শতাংশ ছাড় দেওয়া হবে।
গত ৩১ মার্চ জলপাইগুড়ি নিলামকেন্দ্র চালুর কথা ছিল। এনিয়ে ১০ মার্চ মক অকশনও হয়ে যায়। কিন্তু তারপর আচমকা পিছিয়ে যায় এই চা নিলামকেন্দ্র চালুর দিন। সংশ্লিষ্ট মহলের তরফে জানানো হয়, এপ্রিলের শেষ সপ্তাহে জলপাইগুড়ি চা নিলামকেন্দ্রটি চালু করে দেওয়া হবে। কিন্তু সেটাও না হওয়ায় আদৌও এই টি অকশন সেন্টার চালু হবে কি না, তা নিয়ে দানা বাঁধছে।
নর্থবেঙ্গল টি অকশন কমিটির ভাইস চেয়ারম্যান পুরজিৎ বক্সিগুপ্ত জানিয়েছেন, এক দশক বন্ধ থাকার পর জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র চালুর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এ ব্যাপারে ঘোষণার পর প্রস্তুতি সারতে সময় লেগে যাওয়াতেই টি অকশন চালু করতে কিছুটা সময় লাগল। তবে একবার অকশন চালু হয়ে গেলে আর কোনও সমস্যা হবে না। এখান থেকে অনলাইনে চায়ের নিলাম হবে।
নর্থবেঙ্গল টি অকশন কমিটির সদস্য তথা জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, এদিন চায়ের উৎপাদক, ক্রেতা, বিক্রেতা, ব্রোকার, ওয়ারহাউস প্রতিনিধিদের নিয়ে বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে ২৩ জুন থেকে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র পুরোদমে চালু হয়ে যাবে।